এশিয়া কাপে সুপার ফোরের আগে ফুরফুরে মেজাজে ভারত, রোহিত-বিরাটরা ছুটির দিন কীভাবে কাটালেন?
এশিয়া কাপে পাকিস্তান ও হংকংকে হারিয়ে গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত। কাল থেকে শুরু সুপার ফোরের লড়াই। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান ও হংকং ম্যাচের জয়ী দল রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে। টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে ওঠার পর গতকাল ভারতীয় দলের অনুশীলন ছিল না।

বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে ভারতীয় দলের সকলেই হাজির দুবাইয়ের বিচে। যুজবেন্দ্র চাহাল জানান, অনুশীলন না থাকায় হেড কোচ রাহুল দ্রাবিড় ঠিক করেন ফান অ্যাক্টিটিভির ব্যবস্থা করার। আমাদের দল একটা পরিবার। সকলেই খুশি, রিল্যাক্স ও এক্সাইটেড। এটা দলের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পক্ষেও সহায়ক হয়। অর্থাৎ হেড কোচের ইচ্ছা অনুযায়ী রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব থেকে রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা প্রথমে ব্যস্থ থাকলেন সার্ফিংয়ে।
When #TeamIndia hit 𝗨.𝗡.𝗪.𝗜.𝗡.𝗗! 👏
— BCCI (@BCCI) September 2, 2022
Time for some surf, sand & beach volley! 😎#AsiaCup2022 pic.twitter.com/cm3znX7Ll4
এরপর চলল বিচ ভলিবল। যা উপভোগ করতে দেখা গেল রাহুল দ্রাবিড়, পরশ মামব্রেদের। বিচ ভলিবলে অবশ্য দাপট দেখা গেল বিরাট কোহলি, দীনেশ কার্তিকদেরই। সবমিলিয়ে ক্রিকেট থেকে একটা দিন দূরে থেকে প্রয়োজনীয় প্রাণশক্তি সংগ্রহ করে নিল গোটা দল। বিরাট কোহলি রানের মধ্যে ছিলেন না। কিন্তু মাস ছয়েকের ছুটি কাটিয়ে এসে তিনি ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রতিপক্ষ হংকং হলেও তাদের বিরুদ্ধে অর্ধশতরান আত্মবিশ্বাস বাড়িয়েছে কিং কোহলির। সব বিভাগেই ভারতীয় দল দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছে এশিয়া কাপে। টি ২০ বিশ্বকাপের সেরা কম্বিনেশনও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই এশিয়া কাপে দল গঠন ও ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। সুপার ফোরে সেটা চলবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তবে লোকেশ রাহুল এখনও চেনা ছন্দে ফিরতে পারেননি। তবে তাঁকেও নিয়মিত সুযোগ দিয়ে আত্মবিশ্বাস ফেরানোর ব্যবস্থা করার পক্ষে সওয়াল করেছেন সুনীল গাভাসকর। রাহুলকেও গতকাল ফুরফুরে মেজাজে পাওয়া গিয়েছে। হার্দিক পাণ্ডিয়া ও ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গেও নিছক আড্ডা মারতে দেখা গিয়েছে রাহুলকে। টানা ক্রিকেটের ফাঁকে হাল্কা মেজাজে থেকে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে চাইছে ভারত। সবকিছু ঠিকঠাক চললে রবিবার ফের ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। যদি না হংকং অঘটন ঘটায়। এরপর ১১ সেপ্টেম্বর ফাইনালেও ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনাই প্রবল।












Click it and Unblock the Notifications