অভিষেকের তাণ্ডবে পাকিস্তানকে পিষে মারল ভারত, সূর্য ফের করমর্দন এড়ানোয় হতভম্ব সলমন
গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরেও পাকিস্তানকে পিষে মারল ভারত। আজ দুবাইয়ে সলমন আঘার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল বিশ্বচ্যাম্পিয়নরা।
টস জেতার পর এদিনও পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্য। পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেটে অবলীলায় পৌঁছে গেল মেন ইন ব্লু। জয় এলো ৬ উইকেটে, ৭ বল বাকি থাকতেই।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান সূর্য। ভারতের একাদশে আজ কামব্যাক করেন জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। পাকিস্তান ৫ উইকেট হারিয়ে তোলে ১৭১ রান। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৫ বলে সর্বাধিক ৫৮ রান করেন ওপেনার সাহিবজাদা ফারহান।
ফখর জামান ৯ বলে ১৫ রান করে ফেরেন, হার্দিক পাণ্ডিয়ার বলে ক্যাচ দারুণ দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন উইকেটকিপার সঞ্জু স্যামসন। সাইম আয়ুব ১৭ বলে ২১, হুসেন তালাত ১১ বলে ১০ রান করে আউট হন।
রান নেওয়ার পর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ফের ধীরেসুস্থে ফিরছিলেন মহম্মদ নওয়াজ। তবে তিনি ব্যাট লাইন পার করার আগেই সূর্যর বুদ্ধিদীপ্ত থ্রো উইকেট ভেঙে দেয়। ফলে নওয়াজ ১৯ বলে ২১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। সলমন আঘা ১৩ বলে ১৭ ও ফাহিম আশরাফ ৮ বলে ২০ করে অপরাজিত থেকে যান।
শিবম দুবে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২৯ ও কুলদীপ যাদব ৪ ওভারে ৩১ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ৪৫, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৫ ও অক্ষর প্যাটেল ১ ওভারে ৮ রান দেন।
জবাবে খেলতে নেমে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যেতে থাকেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটি ভাঙে ৯.৫ ওভারে ১০৫ রানের মাথায়। আটটি চারের সাহায্যে ২৮ বলে ৪৭ রান করে শুভমান গিল ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে যান। সূর্যকুমার ৩ বল খেলে শূন্য রানে হ্যারিস রউফের শিকার হন। সঞ্জু স্যামসনকেও ফেরান হ্যারিস, ভারতীয় উইকেটকিপার-ব্যাটার চারে নেমে করেন ১৭ বলে ১৩।
ভারতের হয়ে এদিন সর্বাধিক রান করেন অভিষেক। ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি ৩৯ বলে ৭৪ রান করে আব্রার আহমেদের বলে হ্যারিস রউফের হাতে ক্যাচ দেন। চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে অভিষেক অর্ধশতরান পূর্ণ করেন ২৪ বলে। অভিষেক এদিন বাগযুদ্ধে জড়ান রউফের সঙ্গে। অবস্থা সামাল দেন আম্পায়ার।
ভারত ১৮.৫ ওভারেই ছয় উইকেটে জয় সুনিশ্চিত করে ফেলে। তিলক বর্মা ২টি করে চার ও ছয়ের সাহায্যে ১৯ বলে ৩০ ও হার্দিক পাণ্ডিয়া ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন। রউফ চার ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। ফাহিম ৪ ওভারে ৩১ ও আব্রার ৪ ওভারে ৪২ রান খরচ করে একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications