Asia Cup 2023: কলম্বোয় খেলা শুরু, ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ
Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান দ্বৈরথের রিজার্ভ ডে-র খেলা শুরু হলো নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পর। বিকেল তিনটেয় খেলা শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণেই দেরিতে শুরু হয়েছে খেলা।
এখনও অবধি ঠিক রয়েছে পুরো ৫০ ওভারের ম্য়াচই হবে। তবে আকাশ মেঘলা। যে কোনও সময় বৃষ্টি নামতে পারে। সেইমতো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ খেলা শুরুর আগে ধাক্কা খেয়েছে পাকিস্তান। এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন পেসার হ্যারিস রউফ।

চলতি এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা রউফের চোট উদ্বেগ বাড়াচ্ছে পাক শিবিরের। নেপালের বিরুদ্ধে ১৬ রানে ২টি, ভারতের বিরুদ্ধে ৫৮ রানের বিনিময়ে তিনটি ও বাংলাদেশের বিরুদ্ধে ১৯ রানের বিনিময়ে চার উইকেট নেন রউফ। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের যে ম্যাচটি চলছে তাতে গতকাল রউফ ৫ ওভারে ২৭ রান খরচ করেছেন। কিন্তু আর এই ম্যাচে তিনি মাঠে নামবেন না।
হ্যারিস ডানহাতি পেসার। সেদিকেই তিনি ব্যথা ও অস্বস্তি অনুভব করছেন। গতকাল রাতে তাঁর এমআরআই স্ক্যান করানো হয়। কিন্তু তাতে খারাপ কিছু আসেনি। বিশ্বকাপের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে আজ না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে পাক টিম ম্যানেজমেন্ট। পাক দলের বোলিং কোচ মর্নি মর্কেল জানান, অবলিক মাসলে চোট রয়েছে রউফের।

গতকাল শাদাব খান ২৫তম ওভারে প্রথম বল করার পর বৃষ্টি নেমেছিল। আজ তিনি ওভারটি শেষ করেন। এরপর নাসিম শাহ ও ফাহিম আশরফকে দিয়ে বোলিং করাচ্ছেন পাক অধিনায়ক বাবর আজম। ভারত বড় রানের দিকেই এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে রানের গতিতে রাশ টানতে রউফ হতে পারতেন বাবরের বড় অস্ত্র। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় ইফতিখার আহমেদ ও আঘা সলমনকে দিয়ে বোলিং করানো হতে পারে।












Click it and Unblock the Notifications