Asia Cup 2023: আয়োজকের তালিকায় শীর্ষে বাংলাদেশ, টুর্নামেন্টের ইতিহাসে আছে ইডেনের নামও
১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জয়ের ফলে বিশ্ব মঞ্চে উজ্জ্বল হয় এশিয়ার ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের একাধিপত্য ভাঙার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশ দম্ভও ভেঙে দিয়েছিল ভারত। ভারতের এই সাফল্যে আন্দোলিত হয়েছিল গোটা উপমহাদেশের ক্রিকেটই। এরপরই এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশগুলি নিজেদের ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করতে সংস্থা তৈরি করে। নাম দেওয়া হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
আইসিসির আদলে শুধু ক্রিকেট কাউন্সিল তৈরি করাই নয় বিশ্ব ক্রিকেটের নজর কাড়তে টুর্নামেন্টও চালু করে। ১৯৮৪ সালে পথ চলা শুরু করে এশিয়া কাপ। ১৯৮৪ থেকে ২০২২ এই নিয়ে ১৫ বার আয়োজিত হয়েছে এশিয়া কাপ। কোন দেশ সব থেকে বেশি এশিয়া কাপ আয়োজন করেছে সেই পরিসংখ্যানই তুলে ধরা এই প্রতিবেদনে।

টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশিবার আয়োজক হয়েছে বাংলাদেশ। পদ্মাপারে এশিয়া কাপ হয়েছে ৫, এরপরই যুগ্মভাবে রয়েছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহি। এই দুই দেশ চারবার করে এশিয়া সেরা টুর্নামেন্ট আয়োজন করেছে। ভারত ও পাকিস্তান ১ বার করে আয়োজক হয়েছে।
১৯৮৪ সালে প্রথমবার এশিয়া কাপ আয়োজিত হয় মরুদেশে। সেই বছরই শারজায় প্রতিষ্ঠি্ত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রথম বছরে ভারত-পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনদেশ অংশ নেয়। শুধুমাত্র শারজার মাঠেই টুর্নমেন্টের সব ম্যাচ হয়েছিল।
মরুদেশের পর দুই বছর পর এশিয়া কাপ আয়োজিত হয় সাগরপারে। শ্রীলঙ্কাতে আয়োজিত হয় দ্বিতীয় এশিয়া কাপ। ভারত-পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনদেশই অংশ নেয়। তিনটি ম্যাঠে রাউন্ড রবিন ফর্ম্যাটে টুর্নামেন্ট হয়। ক্যান্ডি-কলম্বো ছাড়াও টুর্নামেন্ট হয়েছিল মোরাতুয়াকে। কলম্বোয় হয়েছিল ফাইনাল ম্যাচ।
১৯৮৮ সালে প্রথমবার এশিয়া কাপ আয়োজিত হয় বাংলাদেশে। ঢাকা এবং চট্টগ্রাম এই দুটি ভেন্যুতেই এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। এই প্রথমবার ভারত-পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেয় বাংলাদেশও।

এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে একবারই আয়োজক হয়েছে ভারত ১৯৯০-৯১ সালে। ভারতের চারটি মাঠে আয়োজিত হয়েছিল এশিয়া কাপ। তারমধ্যে ফাইনাল সহ দুটি ম্যাচ হয়েছিল কলকাতার ইডেনে। বাকি দুটি ভেন্যু ছিল কটক এবং চণ্ডীগড়।ইডেনে ফাইনাডলে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জেতে ভারত।
১৯৯৫ সালে এশিয়া কাপ ফেরে মরুদেশেই। সংযুক্ত আরব আমিরশাহির শারজাতেই হয়েছিল এশিয়া কাপের সব ম্যাচ। দুই বছর পর আয়োজক হয় শ্রীলঙ্কা। কলম্বোতে হয়েছিল চারদেশের টুর্নামেন্টের সব ম্যাচ। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ২০০০ সালে বাংলাদেশের হয় এই টুর্নামেন্ট। ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছিল সব ম্যাচ।
২০০৪ সালে শ্রীলঙ্কাতেই আয়োজিত হয় এশিয়া কাপ। দ্বীপরাষ্ট্রে ডাম্বুলা ও কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের সব ম্যাচ। ভারতের মতোই এখনও পর্যন্ত এশিয়া কাপ একবারই আয়োজন করেছে পাকিস্তান ২০০৮ সালে। লাহোর এবং করাচির মাঠে হয়ে টুর্নামেন্টের ম্যাচ। ২০১০ সালে শ্রীলঙ্কার ডাম্বুলাতে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ।

২০১২, ২০১৪, ২০১৬ সালে পর পর তিন বার বাংলাদেশে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ।তিন বারই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মীরপুরে। পাশাপাশি ঢাকা এবং চট্টগ্রামেও বেশ কিছু ম্যাচ হয়েছিল। ২০১৮ এবং ২০২২ সালে আমিরশাহিতে এই টুর্নামেন্ট হয়। ২০১৮ সালে ম্যাচগুলি হয় দুবাই এবং আবুধাবিতে। শেষ বছর এই টুর্নামেন্টের ম্যাচ গুলি হয়েছিল দুবাই এবং শারজাতে।
২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান।তবে হাইব্রিড মডেল অনুসারে পাকিস্তানে চারটি এবং শ্রীলঙ্কাতে ৯টি ম্যাচ হবে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দল।












Click it and Unblock the Notifications