WPL 2025: অ্যালিসা হিলি মহিলাদের প্রিমিয়ার লিগ খেলবেন না, অধিনায়ককে নিয়ে বড় ধাক্কা খেল ইউপি ওয়ারিয়রজ
WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরুর আগে বড় ধাক্কা খেল ইউপি ওয়ারিয়রজ। স্ট্রেস ইনজুরির কারণে দলের অধিনায়ক অ্যালিসা হিলি খেলবেন না ডব্লিউপিএলে।
আজ মহিলাদের অ্যাশেজে একমাত্র টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তারপরই নিজের সিদ্ধান্তের কথা জানালেন মিচেল স্টার্কের সহধর্মিণী।

ইংল্যান্ডকে মাল্টি ফরম্যাট সিরিজে ১৬-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। হিলি অবশ্য মেলবোর্ন টেস্টে কিপিং করেননি। ব্যাট করেছেন মিডল অর্ডারে। হিলি জানান, কয়েক মাস ধরেই পায়ের পাতার চোট তাঁকে ভোগাচ্ছে। আপাতত কিছুদিন বিরতি নিয়ে পুরো ফিট হয়ে মাঠে নামতে চান। সে কারণেই ডব্লিউপিএলে খেলবেন না।
মহিলাদের অ্যাশেজে টি২০-তেও খেলেননি হিলি। অনিশ্চয়তা ছিল টেস্ট খেলা নিয়েও। তবে ফিটনেস টেস্টে পাস করে খেলেন। ৩৪ রান করেন। ফিল্ডিং করতেও অসুবিধা হয়নি। ডব্লিউপিএল ফাইনালের ২ দিন পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। হিলি তাতেও খেলবেন না।
গত অক্টোবরে মহিলাদের টি২০ বিশ্বকাপ চলাকালীন পায়ে চোট পান হিলি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও সেমিফাইনালে খেলতে পারেননি। তা থেকেই স্ট্রেস ইনজুরি বেড়ে গিয়েছে বলে উপলব্ধি হিলির। এরই মধ্যে মেয়েদের বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। ফলে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেও ছিটকে যান।
গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যাটার হিসেবে খেলেন। অ্যাশেজের প্রথম তিনটি ওডিআইয়ে কিপিংও করেন। চলতি বছর সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেই বিশ্বকাপে নামার কথা অস্ট্রেলিয়ার। দেশকে বিশ্বকাপ জেতাতে পুরো ফিট হিসেবে নামাই লক্ষ্য হিলির।












Click it and Unblock the Notifications