'পাঁচফোড়নস'-এর হাত ধরে আবার ফিরছে মেস বাড়ির করচা
'পাঁচফোড়নস'-এর হাত ধরে আবার ফিরছে মেস বাড়ির করচা
৭০ ও ৮০'র দশকে বাংলা মঞ্চ অভিনয়ের সোনালী সময়ে ব্যাপক জনপ্রিয় হয়েছিল 'জয় না কালী বোর্ডিং'। যেখানে অভিনয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল সেনগুপ্তের মত অভিনেতারা। এরও আগে মহানায়ক উত্তমকুমার ও সুচিত্রা অভিনীত 'সাড়ে ৭৪'এর কথা নতুন করে কিছুই বলার নেই। সেখান থেকেই বাংলা উপহার পেয়েছিল তার সর্বশ্রেষ্ঠ 'রিল লাইফ' জুটিকে। সেখানেও অভিনয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, তুলসী চক্রবর্তী, পদ্মা দেবী, নমিতা দেবীর মত তাবড় অভিনেতারা। এরপরে বেশ কিছু বছর আগে ছোট পর্দায় নজর কাড়ে '১নম্বর মেস বাড়ি'। কিন্তু এই মুহূর্তে যেন সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। আর এবার সেই হারিয়ে যাওয়া ছবি ফেরত আসছে নতুন ভাবে। বাংলার নস্টালজিক সেই মেস বাড়ির করচাকেই এবার ফিরিয়ে আনছেন পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। ফোনে ওয়ান ইন্ডিয়া কে জানালেন গল্পের খুঁটিনাটি।
উত্তর কলকাতার মেস বাড়ির এক বৃদ্ধ বাড়িওয়ালা যার নাম ধনেশ্বর পাচাল, যার নেশা বাংলা সিরিয়াল ও বাংলা মদ। বাড়ির প্রথম ভাড়াটে, যার নাম জিকো, স্বভাবে বাতেলাবাজ এবং পেশায় একজন গীটারিস্ট ও ভোকালিস্ট। তার গানের রেওয়াজে সারা পাড়া উন্মাদ হয়ে যায়। জিকো ঘনঘন সুন্দরী নারীদের প্রেমে পড়ে। পাচাল দাদু বাতের ব্যথার কারণে নিজে ওপর নীচ করতে পারে না কিন্তু এ বাড়ির দরজায় তিনি নির্দিষ্ট কিছু নিয়মাবলী লিখে রেখেছেন।

নারীদের প্রবেশ নিষেধ!
সব নিয়মের মধ্যে একটি স্পষ্ট ভাবে লেখা এই বাড়িতে নারীদের প্রবেশ নিষেধ। প্রভু যে কিনা এই বাড়ির দ্বিতীয় ভাড়াটে সে একজন রিসার্চার এবং লোককে বলে একজন সায়েনটিস্ট। প্রভু স্বভাবে শান্ত, ধীরস্থির, নিরামিষাশী এবং যে কোনো মেয়ের থেকে দশ হাত দূরে পালায়। কেউ কোন বিপদে পড়লে এই প্রভুই বাঁচায়। সোনি একজন ফোটোগ্রাফার, ঘন্টায় একটা কথা বলে এবং রাতদিন ছবি তোলে। ঘরে কম, সোনি বাইরেই থাকে বেশি।

ক্যাফে বয় মহেন্দ্র
মহেন্দ্র আরেকজন ভাড়টে যে পেশায় একজন ক্যাফে বয়। একটা ক্যাফেটেরিয়ায় কাজ করে। গ্রাম থেকে আসা সহজ সরল ছেলে মহেন্দ্র। সারাক্ষণ বসের হুমকি সহ্য করে। সহজ সরল হলেও মহেন্দ্র বুদ্ধিমান এবং অত্যন্ত জেদি প্রকৃতির। প্রদীপ পেশায় একজন অভিনেতা রাতদিন অডিশন দেওয়ার জন্য বাইরে ঘোরাঘুরি করে। রাগী স্বভাবের ছেলে। সারাদিন কায়দা করে সাজগোজ করে ঘুরে বেড়ায় আর চুরিও করে।

আসছে 'পাঁচফোড়নস'
এই পঞ্চরত্নকে নিয়ে ইউনিটি পিকচার্সের ব্যানারে আসছে বাংলার প্রথম 'সিটকম' অথবা সিচুয়েশনাল কমেডি ওয়েব সিরিজ 'পাঁচফোড়নস'। মেস বাড়ির মালিক ধনেশ্বর পাচালের ভূমিকাতেই অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং এই পাঁচ ভাড়াটিয়া ছেলের ভূমিকায় অর্ক ভট্টাচার্য, সাম্য সমাদ্দার, সুমিত প্রামাণিক, শুভাশিস শিকদার এবং শৌনক রায়কে। চিত্রনাট্য ও নির্দেশনায় ভারতের প্রথম ভৌতিক মিনি সিরিজ খ্যাত পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় মহুল সিংহ। সিরিজটি খুব শীগগিরই 'মোজোপ্লেক্স' ও.টি.টি প্ল্যাটফর্মে দেখা যাবে।












Click it and Unblock the Notifications