ট্রেলারেই রেকর্ড করল সুশান্ত সিংয়ের দিল বেচারা, পিছনে ফেলল অ্যাভেঞ্জার্সকে
ট্রেলারেই রেকর্ড করল সুশান্ত সিংয়ের দিল বেচারা, পিছনে ফেলল অ্যাভেঞ্জার্সকে
সোমবারই মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা’র অফিসিয়াল ট্রেলার। আর একদিনের মধ্যেই এই ভিডিও গোটা বিশ্বের সুশান্ত অনুগামীদের কাছে খুব প্রিয় ট্রেলার হয়ে উঠেছে। জানা গিয়েছে, এই ট্রেলার ইউটিউবে প্রকাশ হওয়ার ১৬ ঘণ্টার মধ্যে ২১ মিলিয়ন ভিউয়ার্স হয়।

ইউটিউবে লাইভ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রেকর্ড করেছে সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা। অল্প সময়েই হলিউডের অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর ট্রেলারের দর্শক সংখ্যাকে ছাপিয়ে গেল সুশান্তের 'দিল বেচারা’। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ট্রেলার ৪.৩ মিলিয়ন দর্শক টানতে সফল হয়েছে।
২০১৪ সালে লেখক জন গ্রিন–এর 'দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত সুশান্তের শেষ সিনেমা 'দিল বেচারা’। জন গ্রিনের উপন্যাসের গল্প অনুযায়ী দু’জন তরুণ–তরুণীর দেখা হয় ক্যান্সার সাপোর্ট দলের মাধ্যমে এবং তাঁদের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হয়। নবাগতা সঞ্জনা সাংঘি এই ছবিতে কিজি বাসুর চরিত্রে অভিনয় করেছেন। কিজি বাসু ক্যান্সারে আক্রান্ত এবং রাজকুমার জুনিয়র বা ম্যানির সঙ্গে রোমান্টিকভাবে সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন। ম্যানির চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেতাকে। এই দু’জন মিলে মৃত্যুর আগে নিজেদের জীবনকে দারুণভাবে উপভোগ করবেন এবং নিজেদের মতো করে বাঁচবেন। সুন্দর মিষ্টি ভালোবাসার সফর দেখানো হয়েছে এই সিনেমায়। ক্যামিও চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। এই সিনেমার কম্পোজার এআর রহমান ও গীতিকার অমিতাভ ভট্টাচার্য। ডিজনি হটস্টারে আগামী ২৪ জুলাই মুক্তি পাবে দিল বেচারা।
গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানান রহস্য, উঠে এসেছে বলিউডের স্বজন পোষণের নোংরা দিক। সুশান্তের মৃত্যুর তদন্তে নেমেছে বান্দ্রা পুলিশ।












Click it and Unblock the Notifications