আরিয়ান খান কাণ্ডে বিজেপি নেতা মোহিত কম্বোজের দিকে নিশানা নবাব মালিকের! তুললেন বিস্ফোরক অভিযোগ
আরিয়ান খান কাণ্ডে বিজেপি নেতা মোহিত কম্বোজের দিকে নিশানা নবাব মালিকের! তুললেন বিস্ফোরক অভিযোগ
আরিয়ান খান কাণ্ডে বিজেপি নেতা মনোজ কম্বোজের দিকে অঙুল তুলে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে মাদক কাণ্ডে গ্রেফতারি নিয়ে নবাব মালিক বলেন, গোটা পর্বই 'অপহরণ ও পণদাবির ঘটনা'। একনজরে দেখে নেওয়া যাক কোন অভিযোগ রয়েছে নবাব মালিকের।

আরিয়ান ইস্যুতে নবাবের দাবি
এদিকে, আরিয়ান খান ইস্যুতে নবাব মালিক এদিন এক প্রেস কন্ফারেন্সে বলেন, 'আরিয়ান খান ওই প্রমোদতরীর কোনও টিকিট কাটেননি। প্রতীক গাবা ও আমির ফার্নিচারওয়ালা তাঁকে সেখানে নিয়ে যান। এটা অপহরণ ও টাকা আদায়ের ঘটনা। মোহিত কম্বোজ এই ঘটনার মাস্টারমাইন্ড আর তিনি সমীর ওয়াংখেড়ের পার্টনার হিসাবে বহু টাকা দাবি করছেন।' এই বিস্ফোরক দবি তুলে মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কম্বোজকে আরিয়ান ইস্যুতে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নবাব মালিক।

শাহরুখকে হুমকি
এদিকে, নবাব মালিকের দাবি, ঘটনার সূত্রপাত হওয়ার সময় থেকেই শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়েছে। এমন কি বলিউডের সুপারস্টারদেরও মুখ বন্ধ করতে বলা হয়েছে বলে অভিযোগ করেন নবাব মালিক। এক্ষেত্রে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির নাম আসা নিয়েও মুখ খোলেন নবাব। তিনি বলেন, অপহৃত ছেলেকে ছাড়াতে যদি কেউ টাকা দিয়েও থাকেন, তাহলে তা কোনও মতেই অপরাধ নয়। নবাব মালিকের দাবি, প্রমোদতরী থেকে মাদককাণ্ডে আরিয়ানদের সঙ্গে যাঁরা আটক হন সেই তিনজনকে সহজেই ছেড়ে দিয়েছে এনসিবি। অথচ তাঁরাই আরিয়ানদের ওই প্রমোদতরীতে নিয়ে যান।

এক কবরস্থলে গোপন সাক্ষাৎ !
উল্লেখ্য, আরিয়ান কাণ্ডে তদন্তকারী অফিসার ছিলেন এনসিবির অফিসার সমীর ওয়াংখেড়ে, যিনি সদ্য এই মামলা থেকে সরে এসেছেন। সমীর ওয়াংখেড়ে এই ঘটনার তদন্ত শুরু হতেই অভিযোগ দায়ের করেন যে, তাঁকে কেউ 'ফলো' করছেন। নিজের মায়ের কবরস্থলে তিনি প্রার্থনা করতে গিয়ে এমনটা আঁচ করেছেন বলেও জানান সমীর। এরপর সেই অভিযোগের কয়েক মাস কাটতেই আজ নবাব মালিক জানিয়েছেন, বিজেপি নেতা মোহিত কম্বোজের সঙ্গে সমীর ওয়াংখেড়ের যোগ রয়েছে। আর তাঁরা একটি কবরস্থলে গোপনে সাক্ষাৎ করেন। এই ঘটনা অক্টোবর ৭ এর বলে দাবি করেন নবাব মালিক।

সাক্ষীর দাবি
মুম্বই মাদককাণ্ডে আরিয়ান খান মামলার অন্যতম সাক্ষী বিজয় পারাগে। তিনি মুম্বই পুলিশের কাছে জানিয়েছেন, যে আরিয়ানকে 'ফাঁসানো' হচ্ছে। তাঁর দাবি, আগে থেকে পরিকল্পনা করে ওই প্রমোদতরীতে অভিযান চালানো হয়। পারাগের দাবি,টাকা নেওয়ার লক্ষ্যে এমন ঘটনা ঘটানো হচ্ছে। এদিকে, ওই সাক্ষী নবাব মালিকের সঙ্গে সুনীল পাটিল নামে জনৈক নেতার যোগ রয়েছেবলে অভিযোগ করেন। যে অভিযোগ খারিজ করে দেন নবাব মালিক।












Click it and Unblock the Notifications