সকালে ঘুম ভাঙলেই অনেকের কেন হাঁচি হয়? কী বলছে মেডিক্যাল সায়েন্স
সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকের নতুন দিন শুরু হয়। প্রত্যেকেই চান দিনের শুরুটা সতেজ ভাবে করতে। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘুম ভাঙার পর ওঠার সঙ্গে সঙ্গেই অথবা বিছানায় শুয়েই হাঁচি হয়।
এটা অনেকের কাছে নিত্যদিনের ব্যাপার। ঘুম থেকে উঠলে সকালে হাঁচি হবেই অনেকের। তবে আপনি জানেন কি, এই ধরনের ঘটনা শুধু আপনার একার সঙ্গেই হয় না। প্রচুর মানুষ আছেন যাদের সঙ্গে নিত্যদিন এমন জিনিস হয়ে থাকে। এর পিছনে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

ইএনটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাঁচির মাধ্যমে নাক বা নাসারন্ধ্রের মধ্যে থাকা অবাঞ্ছিত কিছুকে সহজেই বের করা যায়। যখন আমরা ঘুমোই সেই অবচেতন সময়ে অ্যালার্জি, বাতাসের দূষিত পদার্থ, বালিশ এবং বিছানার চাদরের ফাইবার, ছোট ছোট নানা পদার্থের কণা নাকে এসে জমা হয়। যার ফলে নাকের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।
ঘুমের মধ্যে আমরা এই বিষয়গুলি বুঝতে পারি না। তবে যখনই ঘুম ভাঙে, ঠিক সেই সময়েই মস্তিষ্ক সেই অবাঞ্ছিত দূষিত পদার্থগুলিকে হাঁচির মাধ্যমে নাসারন্ধ্র থেকে বের করার উদ্যোগ নেয়। এছাড়াও ভোরের দিকে বা সকালের দিকে বাতাসে পোলেনের পরিমাণ অনেক বেশি থাকে। যার ফলে সকালবেলা ঘুম থেকে উঠলেই বহু মানুষের হাঁচি হয়।

ফলে বিশেষজ্ঞরা সকালে ঘুম থেকে উঠে হাঁচির ঘটনাকে শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্রিয়া হিসেবেই দেখছেন। ডাক্তারি ভাষায় এর পোশাকি নাম অ্যালার্জিক রিনিটিস। ফলে সকালে উঠেই আপনি যদি হাঁচি দেন, তাহলে বুঝবেন বাতাসের কোনও দূষিত পদার্থ নাসারন্ধ্রের মধ্যে রয়েছে। এবং শরীর হাঁচির মাধ্যমে নাক তা শরীর থেকে বের করে দিতে চাইছে।
এর পাশাপাশি তাপমাত্রার ওপর নিচ হলেও অনেকের ঘুম থেকে উঠে হাঁচি হয়। কারণ বিশেষজ্ঞরা বলছেন, যখন আমরা ঘুমোই তখন আমরা একটি উষ্ণ এবং আরামদায়ক অবস্থার মধ্যে থাকি। তারপর সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কিছুটা ঠান্ডা পরিবেশের সম্মুখীন হতে হয়। যার ফলে অনেকের ক্ষেত্রে হাঁচির সমস্যা হয়।

এক্ষেত্রে দুটি বিষয়ের কথা বিশেষজ্ঞ চিকিৎসকেরা উল্লেখ করেছেন। প্রথমত, যাঁরা এয়ারকন্ডিশন ঘরে রাতে ঘুমোন তাঁদের ক্ষেত্রে হাঁচির সমস্যা আরও বেশি হতে পারে। কারণ ঘুম থেকে উঠে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে শরীর অনেক সময় খাপ খাওয়াতে পারে না। ফলে হাঁচি হয়।
দ্বিতীয়ত, যে সমস্ত মানুষের সাইনাস অথবা এই ধরনের কোনও সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ঘুম থেকে উঠে হাঁচি দেওয়া একটা কমন ব্যাপার। এছাড়াও অনেকের ক্ষেত্রে রোদের মধ্যে বেরোলে বা সূর্যের দিকে তাকালে হাঁচির সমস্যা হতে পারে।












Click it and Unblock the Notifications