কর্নাটকের সাফল্যকে হাতিয়ার করে নজর ভোটমুখী পাঁচ রাজ্যে, কোমর বাঁধছে কংগ্রেস
কর্নাটকের বিধানসভা নির্বাচনে প্রফুল্ল সাফল্য এসেছে। সেই সাফল্যকে এবার পাথেয় করে তুলতে বদ্ধপরিকর কংগ্রেস। ২০২৩-এ ভোটমুখী চার রাজ্যে এবার বিশেষ নজর দিচ্ছে কংগ্রেস। কর্নাটকে বিজেপিকে পর্যুদস্ত করে কংগ্রেস চার রাজ্য জয়ের জন্য কোমর বাঁধছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে।
এবারও তারা সেমিফাইনাল জিতে সাধারণ নির্বাচনে বিজেপির সম্মুখীন হতে চাইছে। তাই কালক্ষেপ না করে কংগ্রেসের নয়া সভাপতি বুধবারই চার রাজ্যের নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন। সুনির্দিষ্ট লক্ষ্যে এগোতে দায়িত্ব ভাগ করে যেমন দেওয়া হবে। সেইসঙ্গে কোন রাজ্যে কাকে সামনে রেখে তারা এগোবে, ত চূড়ান্ত করে ফেলবে কংগ্রেস।

সম্প্রতি রাজীব গান্ধীর প্রয়াণ দিবসেই কংগ্রেস স্থির করে ফেলেন মিশন মধ্যপ্রদেশ। কর্নাটকের সাফল্যকে পাথেয় করেই তারা মধ্যপ্রদেশ দখলের জন্য নামবেন। আর এই মিশন মধ্যপ্রদেশে তারা সামনে রাখতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধীকে। জুন মাসে সেই লক্ষ্যে মধ্যপ্রদেশে একাধিক কর্মসূচি রাখা হয়েছে।
২০২৩-এর শেষে মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট। তার মধ্যে এবার সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশকে। রাজস্থান ও ছত্তিশগড়ে তাদের সরকার রয়েছে। সেই সরকার ধরে রাখতে হবে। আর মধ্যপ্রদেশে তারা সরকার গড়েও ধরে রাখতে পারেনি। বিজেপি ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, এবার মধ্যপ্রদেশ দখল করতে হবে।
এছাড়া তেলেঙ্গানা ও মণিপুরে ভোট রয়েছে। এই দুই রাজ্যেও ভালো ফল করার জন্য আশাবাদী কংগ্রেস। সেইমতোই প্রচার পরিকল্পনা তারা তৈরি করছে। এই প্রচার পরিকল্পনায় সামনে রাখা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীকে। প্রিয়াঙ্কা গান্ধী হিমাচল প্রদেশ ও কর্নাটকে প্রচারের প্রধান মুখ ছিলেন। তাঁর হাত ধরে হিমাচল ও কর্নাটকে ভালো ফল করেছে কংগ্রেস।

মধ্যপ্রদেশেও তাই প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে কংগ্রেস লড়তে নামছে। ১২ জুন প্রিয়াঙ্কা গান্ধীর একগুচ্ছ কর্মসূচি দিয়ে শুরু হবে কংগ্রেসের মধ্যপ্রদেশ মিশন। জব্বলপুরে নর্মদা নদীতে স্নান সেরে প্রচার শুরু করবেন প্রিয়াঙ্কা গান্ধী। শুরু হবে মধ্যপ্রদেশ বিজয় অভিযান।
সেইসঙ্গে জল্পনা শুরু হয়েছে কেন রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে নন, কেন প্রিয়াঙ্কাকে দিয়েই প্রচার উদ্বোধন করতে চাইছে কংগ্রেস? কারণ হল প্রিয়াঙ্কার হিমাচল ও কর্নাটকের সাফল্য। এই সাফল্যই তাঁকে সামনের সারিতে এনে দিয়েছে। কংগ্রেস প্রিয়াঙ্কাকে সামনে রেখে সঙ্ঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে পারছে।
মধ্যপ্রদেশে গতবার বৃহত্তম দল হয়েছিল কংগ্রেস। সরকারও গড়েছিল। কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে ২০ জন বিধায়ক ভাঙিয়ে বিজেপিতে যোগদান করার পরই কংগ্রেস সরকার পড়ে যায়। বিজেপি ক্ষমতার দখল নেয়। এবার এখানে কর্নাটকের মতোই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।












Click it and Unblock the Notifications