পৌষের শুরুতেই ক্রিজে প্রস্তুত 'কনকনে ঠান্ডা', কতদিন চলবে দাপট! পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
পৌষের শুরুতেই ক্রিজে প্রস্তুত 'কনকনে ঠান্ডা', কতদিন চলবে দাপট! পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
এক্কেবারে চেনা মেজাজে সঠিক সময়ে ব্যাট হাতে ক্রিজে কনকনে ঠান্ডা! পৌষ পার্বনের ঠিক আগে জাঁকিয়ে পিঠে পুলি খাওয়ার মরশুমের যে চেনা শীত থাকে, তাই এবার রাজ্যে পা রাখল। এমনিতেই বাজারে নলেন গুড়ের সন্দেশ থেকে রসোগল্লা আসতে শুরু করেছে। সঙ্গে কড়াইশুটির কচুরি। তবে কবজি ডুবিয়ে এসব খাওয়ার জন্য জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় ছিল বাঙালি। আর এবার তা পড়ছে।

শৈত্যপ্রবাহের সতর্কতা
বাংলা যখন প্রবল শীতের অপেক্ষায় তখন উত্তর ভারত জুড়ে প্রবল শীতের কাঁপুনি লাগতে শুরু করেছে। এরমধ্যে রাজধানী দিল্লি সহ একাধিক জায়গায় প্রবল শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির তাপমাত্রা ৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে শুরু করে দিয়েছে। পালামে তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরভারতে এরপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রিতে নামবে বলে পূর্বাভাস।

শনিবার থেকে আরও ঠান্ডা
আপাতত বৃষ্টির দাপট সরিয়ে দিয়েছে বাংলা। পশ্চিমি ঝঞ্ঝা কাটিয়ে শীত ঢুকছে বাংলায়। এদিন থেকেই ভোরবেলার তাপমাত্রা নামতে শুরু করে। শুকনো আবহাওয়ার মধ্যেই শুক্রবার রাত থেকে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে খবর। এরপর শনিবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত ব্যাপক ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৪
বালুরঘাট ১৫.২
বাঁকুড়া ১৩.১
ব্যারাকপুর ১৩.৭
বহরমপুর ১৫.০
বর্ধমান ১৩.৮
ক্যানিং ১৫৬
কন্টাই ১২.৮
দার্জিলিং ৩.৪
কৃষ্ণনগর১৪.২
মাবদা ১৩.০
পুরুলিয়া ১১
শ্রীনিকেতন১০.৬

কলকাতায় আজকের তাপমাত্রা
জানা গিয়েছে আজ কলকাতায় তাপমাত্রা সর্বনিম্ন ১৬.৩ ডিগ্রি সেলিসিয়াস। অন্যদিকে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৬.২ ডিগ্রি। এতদিন পর পর শক্তিশালী ঝঞ্ঝার কারণে শীত রাজ্যে ঢুকতে পারেনি। তবে এবার দাপুটে ব্যাটিংয়ের অপেক্ষায় ঠান্ডা।












Click it and Unblock the Notifications