ছ-মাস ‘খাওয়া’ বন্ধ রাখার নির্দেশে ভাইরাল বিধায়ক, একুশের আগে বিপাকে তৃণমূল
ছ-মাস ‘খাওয়া’ বন্ধ রাখার নির্দেশে ভাইরাল বিধায়ক, একুশের আগে বিপাকে তৃণমূল
শাসক দলের আর এক বিধায়ক এবার বিতর্কে জড়িয়ে পড়লেন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এমনই এক মন্তব্য করলেন, তা মুহূর্তে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। একইসঙ্গে তিনি একুশের নির্বাচনের আগে বেফাঁস মন্তব্য করে দলকে বিপাকে ফেলে দিলেন। ফের দলের শীর্ষ নেতৃত্বের কাছেও প্রশ্নের মুখে ফেলে দিলেন নিজেকে।

ছ-মাস খাওয়া বন্ধ রাখুন, বিতর্কে বিধায়ক
কোচবিহার তৃণমূলে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কোচবিহারের দিনহাটায় এক কর্মিসভায় যোগ দিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দেন এবার একটু ‘খাওয়া' বন্ধ রাখুন। অন্তত ছ-মাস খাওয়া বন্ধ রাখলে আরও সুযোগ পাবেন।

বিধায়কের ‘না খাওয়ার’ বার্তা মুহূর্তে ভাইরাল
বিধায়কের এই বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে গেল। বিরোধী শিবির বিধায়কের বক্তব্য ভাইরাল করে ফায়দা লোটার চেষ্টায় নেমেছে। বিরোধীদের বক্তব্য, বিধায়কের কথাতেই স্পষ্ট শাসক দলের তৃণমূলস্তরের অর্থাৎ পঞ্চায়েতস্তরে ব্যাপক দুর্নীতি হয়। নেতা-নেত্রীরা অবাধে লুঠতরাজ চালায়।

ছ-মাস না খেলে পরবর্তীকালে সুযোগ পাবেন
দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মিসভায় অংশ নিয়ে নিগমনগর হাইস্কুল মাঠে বক্তব্য রাখছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি দলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিদের সতর্ক করে দেন। বিধায়ক উদয়ন গুহ বলেন, অনেক খেয়েছেন, আর খাবেন না। ছ-মাস যদি না খান পরবর্তীকালে খাবার সুযোগ পাবেন। আর এখন যদি খান, পরবর্তীকালে আর সুযোগ পাবেন না।

৬ মাস কাজ করে পরের পাঁচ বছর লুট!
বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করে জেলা বিজেপি সভাপতি মালতি রাভা বলেন, বিধায়ক স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বা অঞ্চল সভাপতিরা দুর্নীতিতে জড়িত। বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতি করলে সাধারণ মানুষ পাশে থাকবে না। তাই ৬ মাস কাজ করে পরের পাঁচ বছর লুটের পরিকল্পনা করছে তৃণমূল।

মানুষ সব বোঝে, উত্তর পেয়ে যাবে তৃণমূল
বিজেপির কথায়, মানুষ এসব দেখছেন, শুনছেন, বুঝছেনও। মানুষ আর বোকা নেই। মানুষ সব বোঝে। ফলে এর উত্তর পেয়ে যাবে তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনেই মানুষ মুখিয়ে রয়েছেন তৃণমূলকে জবাব দিতে। ২০২১-এই তৃণমূলের শেষ। তার আভাস মিলতে শুরু করেছে। মানুষ আর ভোট দেবেন না তৃণমূলকে।












Click it and Unblock the Notifications