শুভেন্দু ময়দানে নেমেছেন দু-জনকে হারাতে! বিজেপি-যোগের ১০ দিন পর নিলেন নাম
শুভেন্দু ময়দানে নেমেছেন দু-জনকে হারাতে! বিজেপি-যোগের ১০ দিন পর নিলেন নাম
শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে পা দিয়েই আক্রমণ শানিয়েছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। অমিত শাহের পাশে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়েছিলেন 'তোলাবাজ ভাইপো হটাও'। এবার আর রাখঢাক না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করলেন শুভেন্দু। সাফ জানিয়ে দিলেন দু-জনকে হারাতেই তিনি এসেছেন বিজেপিতে।

শুভেন্দুকে ভয় পেয়েই একজন পগার পার!
তৃণমূল কংগ্রেস কোম্পানি হয়ে গিয়েছে, তাই তাদের হারাতে হবে। সেজন্যই মুকুল-দিলীপদের সঙ্গে হাত মিলিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার নন্দীগ্রামের অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি বলেন, শুভেন্দুকে ভয় পেয়েই একজন পগার পার হয়ে গিয়েছেন। বলেছেন পরে কর্মসূচি করতে আসবেন। আপনি পরে এলে আমি তার পরে আসব।

দুজনকে হারাতেই বিজেপিতে এসেছেন শুভেন্দু
আর এরপরই উত্তর ২৪ পরগনার টিটাগড়ের মঞ্চ থেকে তিনি হুঙ্কার ছাড়লেন, দুজনকে হারাতেই তিনি বিজেপিতে এসেছেন। একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যজন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তা এতদিন পর স্পষ্ট করে দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমার বাড়িতে তো পদ্ম ফুটবেই, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্ম ফুটবে।

বুয়া-ভাতিজাকে হারাব বলই ময়দানে নেমেছি
শুভেন্দু বলেন, নেমেছি তো দু-জনকে হারাব বলে। বুয়া-ভাতিজাকে উপড়ে ফেলতে হবে। বুয়া-ভাতিজাকে হারাব বলই ময়দানে নেমেছি। পিসি-ভাইপোর সরকার আর ফিরবে না বাংলায়। এবার পরিবর্তন আসবেই। মানুষ আর একটা পরিবর্তন চাইছে। সাড়ে ৯ বছর পর মনে পড়েছে, দুয়ারে সরকার নিয়ে এসেছে। আসলে যমের দুয়ারে চলে গিয়েছে সরকার। এখন আবার পাড়ায় পাড়ায় সমাধান। এটা আসলে ভাওঁতাবাজির নতুন নাম।

মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করতে ছাড়লেন না
শুভেন্দু অধিকারী, বিজেপিতে যোগ দেওয়ার প্রথম ১০ দিনে তেমনভাবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেননি। তিনি অভিষেককে নিশানা করেছেন আর বলেছেন তৃণমূল আর রাজনৈতিক দল নেই, তৃণমূল একটা কোম্পানি হয়ে গিয়েছে। কিন্তু ১১তম দিন থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করতে ছাড়লেন না। বুয়া-ভাতিজা ছাড়া আর তাঁর কারও বিরুদ্ধে অভিযোগ নেই!












Click it and Unblock the Notifications