'মিথ্যার জঞ্জাল' কেন্দ্রীয় বাজেট! পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে কেন্দ্র, তোপ মমতা-অভিষেকের
কেন্দ্রীয় বাজেটকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন যে, "এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই, সামাজিক সুরক্ষার কথাও বাজেটে অনুপস্থিত।" তাঁর অভিযোগ যে, "জিএসটির মাধ্যমে বাংলার থেকে টাকা তুলে নিয়ে কেন্দ্র রাজ্যকে প্রাপ্যটুকুও দিচ্ছে না। ভোট পাবে না বলেই পশ্চিমবঙ্গের সাথে এভাবে প্রতারণা করছে।" কেন্দ্রের এই বাজেটকে তিনি 'মিথ্যার জঞ্জাল' বলে কটাক্ষ করেন। অনেকটা একই সুরেই বাজেটের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ডানকুনি-সুরত ফ্রেট করিডরের ঘোষণার প্রসঙ্গে মমতা জানান যে, ২০০৯ সালে তিনি নিজেই এই পরিকল্পনার কথা রেলমন্ত্রী থাকাকালীন তুলেছিলেন। সেইসঙ্গে তিনি মনে করিয়ে দেন যে, রাজ্য সরকার আগেই একাধিক ফ্রেট করিডরের কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেখানে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। শিলিগুড়ি থেকে বারাণসী হাইস্পিড রেল নিয়েও কটাক্ষ করে তিনি বলেন যে, মোদীর কেন্দ্র বারাণসীকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাজেটের পর শেয়ারবাজারে বড় পতনের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি যে, এই বাজেট ব্যবসায়ী মহলকে হতাশ করেছে। তাঁর আরও অভিযোগ যে, বাংলার প্রায় ২ লক্ষ কোটি টাকা এখনও বকেয়া রয়েছে।
এই একই সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে, দীর্ঘ বাজেটের ভাষণে বাংলার জন্য কোনও নির্দিষ্ট ঘোষণা নেই। তিনি বাজেটকে 'দিশাহীন ও বিমাতৃসুলভ' আখ্যা দিয়ে দাবি করেছেন। তাঁর অভিযোগ, "২০২১ সালের পর থেকে কেন্দ্র ইচ্ছাকৃতভাবেই রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে।"
তৃণমূল শিবিরের মতে, বাজেটে বাংলার উপেক্ষা বিধানসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে আরও জোরালো করবে।












Click it and Unblock the Notifications