সিভিক ভলান্টিয়ারের 'মারে' স্কুটার আরোহীর মৃত্যু, রণক্ষেত্র মধ্যমগ্রাম, দেখুন ভিডিও
সিভিক ভলান্টিয়ারের মারে হেলমেট বিহীন স্কুটার আরোহীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র মধ্যমগ্রাম। ঘটনাস্থলে গিয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
সিভিক ভলান্টিয়ারের মারে হেলমেট বিহীন স্কুটার আরোহীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র মধ্যমগ্রাম। ঘটনাস্থলে গিয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে। মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী সৌমেন দেবনাথ। সেই সময় তাঁর মাথায় হেলমেট ছিল না বলে অভিযোগ। চৌমাথায় দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ার সৌমেন দেবনাথকে থামান। জানা গিয়েছে, দুই সিভিক ভলান্টিয়ার জরিমানার টাকা চান। কিন্তু সৌমেন দেবনাথ তা দিতে অস্বীকার করেন। এই সময় দুই সিভিক ভলান্টিয়ার ওই ব্যবসায়ীকে মারধর করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৌমেন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকর।
সৌমেন দেবনাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্র হয়ে ওঠে মধ্যমগ্রাম চৌমাথা চত্বর। মারমুখি হয়ে ওঠে স্থানীয় জনতা। স্থানীয় শৌচাগারে আশ্রয় নেন দুই সিভিক ভলান্টিয়ার। এরপর শৌচাগার লক্ষ্য করেই ইট-পাটকেল ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা। তাঁদের হাতেই দুজনকে তুলে দেওয়ার দাবি জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের থেকে অতিরিক্ত বাড়াবাড়ি করে ওইসব সিভিক ভলান্টিয়াররা। সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। বিষয়টি জানা সত্ত্বেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ তাঁদের।
স্থানীয় বাসিন্দারা যশোহর রোড অবরোধ শুরু করেন। ফলে ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এয়ারপোর্টের আগে থেকেই যানজট শুরু হয়ে যায়। আটকে পড়ে সীমান্তমুখী যানবাহন। উত্তরবঙ্গমুখী যান চলাচলে ব্যাঘাত ঘটে।
খবর পেয়েই ঘটনাস্থলে যান মধ্যমগ্রামের বিধায়ক। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে যায় পুলিশের অতিরিক্ত বাহিনী।












Click it and Unblock the Notifications