জিতেন্দ্র থাকছেন তৃণমূলেই! ভোলবদলে জানিয়ে দিলেন দিদিকে কষ্ট দিতে চান না
জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলেই থাকছেন। শুক্রবার কলকাতায় এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর সাফ জানিয়ে দিলেন তিনি ভুল করেছিলেন। ক্ষমা চেয়ে নেবেন দিদির কাছে। দিদিকে তিনি কষ্ট দিতে চান না।
জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলেই থাকছেন। শুক্রবার কলকাতায় এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর সাফ জানিয়ে দিলেন তিনি ভুল করেছিলেন। ক্ষমা চেয়ে নেবেন দিদির কাছে। দিদিকে তিনি কষ্ট দিতে চান না। তাঁর ব্যবহারে দিদি কষ্ট পাচ্ছেন শুনে তিনি ব্যথিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়েই কাজ করতে চান জিতেন্দ্র।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জিতেন্দ্র তিওয়ারি
জিতেন্দ্রকে নিয়ে কম জল্পনা হয়নি রাজ্য রাজনীতিতে। শুভেন্দুর দলবদল নিয়ে জল্পনার মাঝেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর শুভেন্দু অধিকারীর দল ছাড়ার সঙ্গে সঙ্গে তিনিও পদ থেকে ইস্তফা দেন। ছেড়ে দেন দলও। তার আগে শুভেন্দুর সঙ্গে তিনি গোপন বৈঠকে অংশ নেন বলেও খবরে প্রকাশ।

বিজেপিতে যাবেন না, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন
শুক্রবার তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা ছিল, তার আগেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেন জিতেন্দ্র। এরপর বিজেপির একাংশ তাঁকে দলে নিতে অস্বীকার করে। এরই মাঝে শুক্রবার সকালেই কলকাতায় চলে আসেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি পরিষ্কার জানিয়ে দেন, বিজেপিতে তিনি যাবেন না। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন। ফিরে যাবেন পুরনো পেশায়।

দিদির বিরুদ্ধে কিছু বলিনি, বলিনি বিজেপিতে যোগ দেব
তবে এদিনই তৃণমূলের নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন জিতেন্দ্র তিওয়ারি। সুরুচি সঙ্ঘে সেই বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোরও। এই বৈঠক শেষে জিতেন্দ্র নিজেই জানিয়ে দেন, তিনি তৃণমূল ছাড়ছেন না। দিদিকে তিনি কষ্ট দিতে পারবেন না। আমার মুখে কখনই শোনেননি আমি দিদির বিরুদ্ধে কিছু বলেছি বা বলেছি বিজেপিতে যোগ দেব।

ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে, দিদিকে কষ্ট দিতে চাই না
জিতেন্দ্র বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মিটে গিয়েছে। আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তৃণমূলে ছিলাম, আছি, থাকব। ফিরহাদ হাকিমকেও বড় দাদা বলে জানান জিতেন্দ্র। তিনি বলেন, ভুলটা তাঁরই ছিল। একটা পরিবারে থাকতে গেলে ভুল বোঝাবুঝি হয়, আবার ঠিক হয়ে যায়। অরূপদার সঙ্গে বৈঠকের পর ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।












Click it and Unblock the Notifications