স্ট্রেট সেটে জয় হাসিল, ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জাপানের ওসাকা
স্ট্রেট সেটে জয় হাসিল, ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জাপানের ওসাকা
স্ট্রেট সেটে জয় হাসিল করে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন জাপানের নাওমি ওসাকা। যেটি ছিল গ্র্যান্ড স্ল্যামে নাওমি ওসাকার টানা ১৫তম জয়। একই দিনের অন্য ম্যাচে নবাগত প্রতিযোগীর কাছে হেরে ইভেন্ট থেকে ছিটকে গেলেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। যা কার্যত বিপর্যয়।

ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনই ক্লে কোর্টে নেমে পড়েছিলেন নাওমি ওসাকা। প্রথম রাউন্ডে বিশ্বের দুই নম্বর টেনিস তারকার প্রতিদ্বন্দ্বী ছিলেন রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগ। প্রথম সেটে বিশ্বের ৬৩ নম্বর টেনিস তারকার দুটি সার্ভিস ব্রেক করেন ওসাকা। ওই মোকাবিলা ৬-৪ গেমে জেতে জাপানের টেনিস তারকা।
তবে ম্যাচের দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফিরে আসেন ২৬ বছরের রোমানিয়ান তারকা। দুই তারকার ফোর হ্যান্ড ও ব্যাকহ্যান্ডের লড়াই অন্য পর্যায়ে পৌঁছে যায়। টাইব্রেকারের মাধ্যমে দ্বিতীয় সেটের ফয়সলা নির্ধারিত হয়। ৭-৬ (৪) গেমে মোকাবিলা জিতে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। যিনি ইতিমধ্যে চারটি গ্র্যান্ডস্ল্যাম জিতে বসে রয়েছেন। তা বাড়িয়ে পাঁচ করতে ওসাকা এতটাই মরিয়া যে মানসিক শান্তির খোঁজে ফ্রেঞ্চ ওপেন চলাকালীন সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার আনা বোগদানের বিরুদ্ধে খেলবেন জাপানের তারকা।
একই দিনের অন্য ম্যাচে নবাগত প্রতিযোগীর কাছে হেরে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিলেন তিনটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জার্মান তারকা অ্যাঞ্জেলিক কারবার। এবারই প্রথম ফ্রেঞ্চ ওপেন খেলতে নামা ইউক্রেনের আনহেলিনা কালিনিনার কাছে ২-৬, ৪-৬ গেমে দুটি সেট হেরেছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা টেনিস তারকা। এ নিয়ে টানা তিন বার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন কারবার। তাতে কিছুটা হলেও হতাশ টেনিস বিশ্ব।












Click it and Unblock the Notifications