ফের প্রতিপক্ষ, কার দয়ায় বাবুল আসানসোলে, তীব্র আক্রমণ জিতেন্দ্রর
ফের প্রতিপক্ষ, কার দয়ায় বাবুল আসানসোলে, তীব্র আক্রমণ জিতেন্দ্রর
ফের প্রতিপক্ষ তাঁরা। একুশের ভোটের আগে এক দলে থাকলেও ভোট মিটতেই ফের প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছেন বাবুল সুপ্রিয় এবং জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আসানসোল কেন্দ্র থেকেই ফের ভোটে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। তারপরেই জিতেন্দ্রকে পাশে নিয়ে আসানসোলে বাবুলের জয় নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই সরাসরি এবার বাবুল সুপ্রিয়কে নিশানা করেছেন।

বাবুলকে নিশানা শুভেন্দুর
কোনও দিনই সুসম্পর্ক ছিল না তাঁদের। যাঁকে বলে সাপে নেউলে সম্পর্ক ছিল তাঁদের। প্রথমে বাবুলই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল জিতেন্দ্রর বিজেপিতে আসার। সেকারণেই বিধানসভা নির্বাচনের প্রায় শেষবেলায় গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির টিকিটে পান্ডবেশ্বরে প্রার্থী হলেও জিততে পারেননি তিনি। বাবুলের জনপ্রিয়তা কিন্তু জিতেন্দ্রর থেকে বেশি আসানসোলে। তাই বাবুল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ায় বিজেপির অন্দরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে আসানসোল কেন্দ্রকে নিয়ে। বাবুল তৃণমূলে যোগ দিতেই সুযোগ বুঝে আক্রমণ শানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। ফেসবুক পোস্টে বাবুলকে নিশানা করে জিতেন্দ্র লিখেছেন, 'মন্ত্রিত্ব চলে যাওয়াটা যদি জরিমানা হয় তাহলে বিনা পরিশ্রমে রামদেব বাবার সুপারিশে এবং মোদিজির জনপ্রিয়তায় সাংসদ হওয়াটা লটারিতে প্রাইজ পাওয়ার মত নয় কি?' জিতেন্দ্রর দাবি বাবুল নিজের ক্যারিশ্মায় আসানসোলে জয় লাভ করেননি। রামদেবের সুপারিশে টিকিট পেয়েছিলেন আর মোদীর জনপ্রিয়তারও কারণেই সাংসদ পদ পেয়েছিলেন।

বাবুলের ইঙ্গিত
গতকাল বাবুল সুপ্রিয় নিজে একটি ফেসবুক পোস্ট করেছিলেন। তাতে ফের আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত ছিল। ফেসবুক পোস্টে বাবুল লিখেিছলেন,'ছোটবেলায় শুনেছিলাম, যদি নিজের মন ও হৃদয় বলে যে কেউ অন্যায়ভাবে তোমাকে দশ টাকা জরিমানা দিয়েছে তাহলে জরিমানাটা না দিয়ে আদালতে লড়াই করো, দরকার হলে একশো টাকা খরচ করে সেই জরিমানা revoke করাও। অন্যায় ভাবে করা জরিমানা, যে যাই বলুক, কখনই তা মেনে নেবে না। তাই আড়াই বছর বাকি থাকা সত্ত্বেও বিজেপির হয়ে জেতা সাংসদ পদ ছেড়ে দিতে একটুও দ্বিধা করিনি।' বাবুল সুপ্রিয়র এই ফেসবুক পোস্টের পরেই জল্পনার পারদ চড়তে শুরু করেছিল। তাহলে কী এবার তৃণমূলের টিকিটে আসানসোেল প্রার্থী হবেন বাবুল সুপ্রিয়।

বাবুলকে নিশানা শুভেন্দুর
আসানসোলে দাঁড়িয়ে জিতেন্দ্র তিওয়ারিকে পাশে নিয়ে বাবুল সুপ্রিয়কে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রকাশ্যে তিনি বলেছিলেন পিসি-ভাইপোর সঙ্গে কি ডিল হয়েছে সেটা প্রকাশ করুন বাবুল। তাহলেই সবটা সামনে এসে যাবে। কয়লার টাকা আছে টালির ঘরে গান করেছিলেন বাবুল সুপ্রিয়। সেই গানের প্রসঙ্গ টেনে সেদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন এবার কি টালির ঘরের টাকা বাবুলের ঘরে ঢুকছে। এই নিয়ে তীব্র নিশানা করেছিলেন তিনি। আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোরেই বাবুল জিতেছিলেন বলেও এদিন দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই বাবুল সুপ্রিয় ফেসবুকে সেই পোস্টটি করেন।

তৃণমূলে বাবুল
বিধানসভা ভোটের পরেই মোদীর মন্ত্রিসভায় রদবদল হয়। তাতে বাবুল সুপ্রিয়র মন্ত্রিত্বে কোপ পড়ে। তারপরেই বাবুল রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি জানান গানে বেশি করে মন দিতে চাইছেন এখন। এই নিয়েজেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত বাবুলের সঙ্গে কথা বলেন। কিন্তু তাঁদের কথাতেও চিঁড়ে ভেজেনি। তার কিছুদিনের মধ্যেই সকলকে চমকে দিয়েই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়।নবান্নে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করে এসেছিলেন তিনি। তারপরেই বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন বিজেপিতে অনেক কাঁকড়া রয়েছে।












Click it and Unblock the Notifications