পূর্ব বর্ধমানে তৃণমূলে যোগদানের হিড়িক! একদিনের জন্য বিজেপিতে কাটিয়ে ৫ বছর পরে তৃণমূলে ফিরলেন দাপুটে নেতা
পূর্ব বর্ধমানে তৃণমূলে যোগদানের হিড়িক! একদিনের জন্য বিজেপিতে কাটিয়ে ছয়বছর পরে তৃণমূলে ফিরলেন দাপুটে নেতা
২০১১ সালে তৃণমূল (Trinamool Congress) ক্ষমতায় আসার পরেও পূর্ব বর্ধমানের জেলার রাজনীতিতে দাপুটে বলেই পরিচিত ছিলেন সুজিত ঘোষ (Sujit Ghoahs)। পরে তিনি বিজেপিতেও (BJP) যোগ দিয়েছিলেন। তবে একদিনের জন্য। দাবি করেছেন নিজেই। এবার তিনিই ঘটা করে ফিরলেন তৃণমূলে। সঙ্গে ছিলেন অন্তত ৩০০ অনুগামী, জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

নিজের অবস্থান ব্যাখ্যা সুজিত ঘোষের
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সুজিত ঘোষ বলেছেন, ২০০৩ সাল থেকে সমীর রায়ের নেতৃত্বে ২০১৬ সাল পর্যন্ত তৃণমূল করেছিলেন। শারীরিক অসুস্থতার কারণে বসে গিয়েছিলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলে ফিরলেন বলে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বিজেপিতে তিনি যোগদান করেননি। ২০১৯-এর পরে দু-একজন খুব চাপ দিয়েছিলেন। তবে তার জন্য বিজেপিতে যাওয়া আসা, বৈঠকে যোগ দেওয়া তিনি করেননি বলে দাবি করেছেন। সুজিত ঘোষ দাবি করেছেন, তিনি একদিনের জন্য গিয়েছিলেন বিজেপিতে। তিনি বলেছেন, তারপরেই জানিয়ে দিয়েছিলেন সেখানে তিনি থাকছেন না। তিনি দাবি করেছেন, তৃণমূলের ছিলেন, তৃণমূলে আছেন, তৃণমূলে থাকবেন।

দলের নির্দেশ অনুযায়ী কাজ
সুজিত ঘোষ বলেছেন, সবদলেই দ্বন্দ্ব থাকে। তবে দল তো একটাই। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই দল। তিনি ইঙ্গিত করেছেন ভুল-বোঝাবুঝি রাগ থেকে তিনি সরে ছিলেন। তিনি এর সঙ্গে সাংসারিক ঝামেলার তুলনা করেছেন। তিনি বলেছেন, দলের সভাপতি থেকে শুরু করে, রাজ্যের নেতাদের যে নির্দেশ থাকবে, সেই অনুযায়ী কাজ করবেন। তিনি বলেছেন, দল করতে এসেছেন, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব করতে নয়।

সবমিলিয়ে ৫০০ জনের যোগদান
সুজিত ঘোষের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পরে জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কংগ্রেসের জেলা এসসি-এসটি সেলের নেতা কৈলাশ পাসোয়ানসহ বর্ধমান আদালতের অনেক আইনজীবী, বিভিন্ন ব্লকের কিছু প্রতিনিধি, প্রায় ৩০০ অনুগামী নিয়ে সুজিত ঘোষ, সব মিলিয়ে প্রায় ৫০০ জন তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। সুজিত ঘোষের অবস্থান নিয়ে তিনি বলেছেন, সোশ্যাল ওয়ার্কার ছিলেন। এখন তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে হওয়া যোগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, জেলার নেতা উজ্জ্বল প্রামাণিকের মতো নেতারা। এই যোগদানে এলাকায় দলের শক্তিবৃদ্ধি ঘটবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

বিজেপির দাবি
অন্যদিকে জেলা বিজেপির তরফে দাবি করা হয়েছে, তৃণমূল থেকে সুজিত ঘোষ বিজেপিতে যোগ দিয়েছিলেন। পাশাপাশি তাঁকে রাজ্য কমিটির সদস্যও করা হয়েছিল। তবে দলে সক্রিয় ছিলেন না বলে স্বীকার করে নেওয়া হয়েছে জেলা বিজেপির তরফে।












Click it and Unblock the Notifications