Doctors Hunger Strike: বাথরুমে যেতে গিয়ে জ্ঞান হারালেন, হাসপাতালে ভর্তি আরও এক আন্দোলনকারী চিকিৎসক
ফের হাসপাতালে আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তারর। টানা ৯ দিন ধরে অনশন করছিলেন তিনি। বাথরুমে যেতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। ব্লাড প্রেসার কমে গিয়েছে। শরীরে কিটোন বডির মাত্রাও অনেকটা বেড়ে গিয়েছে।
এর আগে আরও কয়েকজন অনশনকারী জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অনশনরত চিকিৎসক অনিকেত মাহাতো প্রথমে অসুস্থ হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

তারপরে আবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তার অলোক বর্মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরে আবার জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়লে তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়। যতজন অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁদের মধ্যে পরিবর্তে আরেকজন করে অনশনে বসছেন।
আগামীকাল দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছেন চিকিৎসকরা। পুজো কার্নিভালের দিনেই প্রতিবাদের ডাক দিয়েছেন তাঁরা। তাতে নাগরিক সমাজ থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও সামিল হবেন বলে জানা গিয়েছে। এদিকে আজ ফের স্বাস্থ্যভবনে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন সিনিয়র চিকিৎসকরা। কিন্তু সেই বৈঠকও নিষ্ফলা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। মুখ্যসচিব যদিও দাবি করেছেন তাঁরা সাত দফা দাবি মেনে নিয়েছেন। তবে ডেডলাইন দিতে পারবেন না।
অন্যদিকে জুনিয়র ডাক্তাররা রাজ্যপালের কাছে গিয়ে সিবিআই তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডেপুটেশন জমা দিয়েছেন। তবে রাজ্যপাল তাঁদের সঙ্গে কোনও বৈঠক করেননি বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিবের দাবি মিথ্যে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কোনও দাবি রাজ্য সরকার মানেনি বলেও জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications