সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর দিলেন মমতা, দোলের আগে বড় ‘উপহার’
দোল উৎসব ও হোলির জন্য দুদিন ছুটি ঘোষণা করল রাজ্য। ফলে একটানা চারদিন টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দোল উৎসব ও হোলির জন্য দুদিন ছুটি ঘোষণা করল রাজ্য। ফলে একটানা চারদিন টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। শীতের শেষে ফের একবার ভ্রমণ পিপাসু বাঙালির মন তাই উড়ু উড়ু। সরকারি কর্মীরা চারদিনের ছুটিতে এখন ছোটখাটো ভ্রমণ সেরে নিতে চাইছেন।

সোমবার নবান্নে সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। নবান্নে প্রকাশিত ছুটির নির্দেশিকায় এবার দোল ও হোলি উপলক্ষে দুটিন ছুটি রয়েছে। বৃহস্পতিবার দোল আর শুক্রবার হোলি উপলক্ষে দুদিন ছুটি। তারপরের দুদিন শনিবার ও রবিবার। ফলে টানা চারদিন ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা।
উল্লেখ্য, এবার পুজোর সময়ও এমনই টানা ছুটি মিলেছিল। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো টানা ছুটির পর আবার দোল উপলক্ষে লম্বা ছুটিতে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। এর আগে সরকারি কর্মচারীদের সমস্ত সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নমনীয় ভাব দেখিয়েছে।
বাংলা ও বাঙালির সমস্ত উৎসবে যেমন ছুটি দিয়ে সবাইকে উৎসবে সামিল করার বার্তা দিয়েছে মমতার সরকার, তেমনই সরকারি কর্মচারীদের অন্যান্য সুযোগ-সুবিধাও গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। আবার দুদিনই ছুটি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের কর্মীদের আনন্দ-উৎসবে মেতে ওঠের সুযোগ করে দিলেন।












Click it and Unblock the Notifications