জামাকাপড় বদলানোর মতোই মমতার আচরণ! 'এঁটো-কাঁটা খাওয়া' বুদ্ধিজীবীদের নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের
কেষ্ট বিস্টু যেই আসুক, গত পঞ্চায়েতের মতো ফাঁকা মাঠ পাবে না এবার। ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, গতবারও অনেকে বলেছিল, বিরোধী শূন্য চাই। এবার বিীজেপি তৈরি আছে বলে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিক ব্যবসায়ী বলে আক্রমণ করেছেন।
সাগরদিঘির পরাজিত তৃণমূল প্রার্থীকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গ দিলীপ ঘোষ বলেন, এই রাজনীতি বোঝা মুশকিল। কখনও প্রোমোশন। কখনও সাসপেন্ড। ওখানে কংগ্রেস প্রার্থী নিজের পয়সায়, নিজের শক্তিতে জিতেছে। সংখ্যালঘু সমাজ তৃণমূলকে শিক্ষা দিতে তাকে জিতিয়েছে। এখানে কংগ্রেসের কোনও অবদান নেই।

তিনি বলেন, বায়রন বিশ্বাস একজন ব্যবসায়ী। বিজেপির সঙ্গেও তার যোগাযোগ ছিল। মানুষ ওঁকে জিতিয়েছে। তৃণমূল রোজ সাসপেন্ড করে। রোজ নিয়ে নেয়। আবার দলীয় পদ নেবে। তাঁকে আবার টিকিট দেবে। এগুলো নতুন কিছু না।
দ্য কেরালা স্টোরি রাজ্যে নিষিদ্ধ করা নিয়ে দিলীপ ঘোষ এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ওনার অনেক ইতিহাস আছে। উনি জামাকাপড় পাল্টানোর মতো সকাল বিকেল মত পাল্টান। উনি রাজনীতির ব্যবসায়ী। তিনি দেশ, দুনিয়া, সমাজ কিছু বোঝেন না। উনি খালি রাজনীতি বোঝেন।
দিলীপ ঘোষ বলেন, শিল্পীরা তাঁর সঙ্গে মঞ্চ আলো করে বসে থাকেন, গান করেন, নাচেন। তাঁরা এখন কোথায়? তাঁরা চুপ করে আছেন শুধুমাত্র পেটের দায়ে। তারা যখন শিল্প করেন, সেটার অধিকার আছে। আর অন্য কেউ করলে নেই! একজন বাঙালি অন্য রাজ্য নিয়ে সিনেমা করেছে। যেই ভোট নষ্ট হওয়ার ভয়, ওমনি সেটা বন্ধ!
দিলীপ ঘোষ মমতাপন্থী বুদ্ধিজীবীদের তীব্র নিশানা করেন। তিনি বলেন, ওনার সঙ্গে যে সমস্ত অন্নদাস এঁটো কাঁটা খাওয়ার জন্য ঘুরে বেড়ায়, তাঁরা এখন চুপ কেন? এই সব বুদ্ধিজীবীদের বুদ্ধি কবে খুলবে, প্রশ্ন করেন তিনি।

দ্য কেরালা স্টোরি নিয়ে বেসুরো শুভাপ্রসন্ন সম্পর্কে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, কোনও দিন তাঁরা সুরে গাননি। কী সুবিধা পাবেন, শুধু সে কথাই ভেবেছেন। এখন তাঁরা বুঝেছেন, দিদি ভাইপো জেলে যাবেন। তখন তাঁদের কী হবে? তাঁরা পাবলিককে কী ভাবে ফেস করবেন?
তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওটা কি আদৌ শেষ হবে? কোথা থেকে কোথায় যাবে? তার জন্য পঞ্চায়েত ভোট আটকে রাখা হবে? তিনি বলেন. জানি না নির্বাচন কমিশন তাদের বাড়ির চাকর কিনা। দিলীপ ঘোষ বলেন, ওরা দিল্লীর নির্বাচন কমিশনে গিয়ে ধর্না দেয়। এখানে কি কমিশন ওদের পোষা?












Click it and Unblock the Notifications