নাড্ডার উপর হামলার রেশ, ফের রাজ্যে আসছেন অমিত শাহ, চাপ বাড়াচ্ছে বিজেপি
নাড্ডার উপর হামলার রেশ, ফের রাজ্যে আসছেন অমিত শাহ, চাপ বাড়াচ্ছে বিজেপি
নাড্ডার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্য সফরে আসছেন বিজেপি নেতা অমিত শাহ। ১৯ এবং ২০ ডিসেম্বর রাজ্য সফরে আসছেন তিনি। রাজ্য একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। জেপি নাড্ডার উপর হামলার পর চাপ বাড়াতেই অমিত শাহের এই রাজ্য সফর বলে মনে করা হচ্ছে। যদিও আগে থেকেই অমিত শাহের রাজ্য সফর সুনির্দিষ্ট ছিল বলে দাবি করেছে বিজেপি। তবে কবে তিনি আসবেন সেটা নিশ্চিত ছিল না।

রাজ্যে আসছেন অমিত শাহ
ফের রাজ্য সফরে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। ১৯ ও ২০ডিসেম্বর রাজ্য সফরে আসবেন তিনি। রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। নাড্ডার উপর হামলার পরেই অমিত শাহের রাজ্য সফরে তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতা সরকারের উপর চাপ বাড়াতেই অমিত শাহ তড়িঘড়ি রাজ্যে আসছেন বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয়বার সফর
গত ৫ নভেম্বর রাজ্য সফরে এসেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। রাজ্যে দু দিনের রাজ্য সফরে দলের তিনটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। যদিও একুশের ভোটের আগে প্রতিমাসেই অমিত শাহের বাংলা সফরে আসার কথা ঘোষণা করা হয়েছিল। তবে নাড্ডার উপর হামলার পরে সেই দিন আরও এগিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। গতবার রাজ্যে এসে বঙ্গ বিজেপিকে ২০০ আসনের টার্গেট বেধে দিয়েছিলেন অমিত শাহ। এবার নতুন করে রণকৌশলে শান দিতে পারেন তিনি।

নাড্ডার উপর হামলা
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। নাড্ডার গাড়ির কাচ ভেঙে গিয়েছে। কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ের গাড়িতেও ভাঙচুর করা হয়। কৈলাশ বিজয়বর্গীয় হাতে চোট লেগেছে। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও কোনও অশান্তিই হয়নি বলে দাবি করেছে রাজ্যপুলিস। নাড্ডার গাড়িতে কোনও ভাঙচুর হয়নি বলে টুইট করেছে রাজ্য পুলিস।

নিন্দায় বিজেপি
জেপি নাড্ডার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্যপালের কাছে পুরো ঘটনার রিপোর্ট তলব করেছেন। রাজ্যে অপশাসন চলছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ। জেপি নাড্ডাও মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। রাজ্যের পুলিসের রাজনীতিকরণ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন নাড্ডা। বাংলার মান মাটিতে মিশিয়ে দিচ্ছেন মমতা। একমাত্র বিজেপিই সেই মান ফেরাতে পারে বলে মমতা সরকারকে অপসারণের ডাক দিয়েছেন জেপি নাড্ডা












Click it and Unblock the Notifications