চিনের বহু গবেষক ও পড়ুয়ার আমেরিকায় প্রবেশ নিয়ে কোমর কষে ফেলল ট্রাম্প শিবির! মার্কিন মুলুকে নয়া নিয়ম
চিনের বহু গবেষক ও পড়ুয়ার আমেরিকায় প্রবেশ নিয়ে কোমর কষে ফেলল ট্রাম্প শিবির! আমেরিকায় নয়া নিয়ম
কিছু দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে হিউস্টনে চিনের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছিল ট্রাম্প সরকার। সেই সময়, বার বার জল্পনার পারদ চড়েছিল , আমেরিকায় বসবাসকারী বহু চিনে পড়ুয়াকে ঘিরে। আমেরিকার নিরাপত্তার সঙ্গে জড়িত একটা বড় অংশ দাবি করেছিল, চিনের পড়ুয়া হিসাবে মার্কিন মুলুকে ঢকে অনেকেই গুপ্তচরবৃত্তি করছে। এরপরই কোমর কষতে শুরু করে আমেরিকা।

আমেরিকার কী জানিয়েছে?
প্রায় ১০০০ জন চিনা নাগরিককে আমেরিকায় প্রবেশের ভিসা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সাফ ভাষায় ওয়াশিংটন জানিয়েছে, নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নিতে তারা বাধ্য হয়েছে। উল্লেখ্য, বাণিজ্য থেকে শুরু করে করোনা, হংকং, দক্ষিণ চিন সাগর সহ একাধিক ইস্যুতে চিনের সঙ্গে আমেরিকার সংঘাত চরমে।

কেন ভিসা বাতিল?
আমেরিকার সরকারি সূত্রের খবর বলছে, আমেরিকাবাসী চিনের বহু পড়ুয়ার সঙ্গে নাম জড়িয়েছে চিনের লালফৌজের। পাশপাশি, বেজিংয়ের বহু গবেষক চিনের সেনার সঙ্গে যোগাযোগ রেখে আমেরিকায় গুরুত্বপূর্ণ গবেষণা করছেন বলে খবর। আর আমেরিকার দাবি, সেই গবেষণা থেকে তথ্য চুরি হচ্ছে বলে সন্দেহ। সেই বিষয়টি মাথায় রেখেই মার্কিন সরকার এমন পদক্ষেপ নিয়েছে।

দুই শক্তিধর অর্থনীতির লড়াই
বিশ্ব ইতিহাসে চিন-মার্কিন সংঘাত দুই তাবড় শক্তিধর অর্থনীতির লড়াই হিসাবে চিহ্নিত হতে শুরু করেছে। আর তার মাঝে গুপ্তচর বৃত্তি একটি বড় ভূমিকা পালন করছে। আমেরিকায় চিনা পড়ুয়াদের নিয়ে বহুদিন ধরে বহু ধরপাকড় চলছে বলে খবর। যার বিরোধিতা করে চিন জানিয়েছে, তাদের নাগরিকদের নিয়ে এমন মার্কিন পদক্ষেপ অনভিপ্রেত দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে। যদিও তাতে কান পাতেনি ট্রাম্প ক্যাম্প।

আমেরিকার পরিস্থিতি
উল্লেখ্য, আমেরিকায় আসন্ন নির্বাচন নিয়ে রীতিমতো চিন্তিত ট্রাম্প। তাঁর নির্বাচনী প্রচারের একটি বড় দিক হল চিন বিদ্বেষ। আর সেই ট্রেন্ড ধরে রেখেই তিনি সামনে এগিয়ে যেতে চাইছেন। তার জন্যই চিনের পড়ুয়াদের নিয়ে এমন পদক্ষেপ ট্রাম্প সরকার নিচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications