Iran: ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালাল আমেরিকা, ইজরায়েলের সঙ্গী হলেন এবার ট্রাম্পও

হামলা চালাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন প্রথমে। ইঙ্গিত দিলেও তা স্পষ্ট ছিল না। প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন। অবশেষে ইরানের পরমাু কেন্দ্রগুলিতে হামলা চালিয়েই দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় আমেরিকা এবার সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ল। ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' এই হামলার কথা নিশ্চিত করে একে "খুবই সফল" বলে অভিহিত করেছেন।

মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ঘোষণা করেছেন যে, মার্কিন বাহিনী ইরানের ফোরডো, নাতাঞ্জ এবং ইস্ফাহানের তিনটি পরমাণু কেন্দ্রে একসঙ্গে বিমান হামলা চালিয়েছে। এটি একটি বড় ধরনের পদক্ষেপ এবং ইজরায়েলের পাশাপাশি এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি সামরিক হস্তক্ষেপ।

ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে এই হামলাগুলি চালানো হয়েছে। এর আগে ইজরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র পরিকাঠামোগুলিতে হামলা চালায়। আমেরিকা কূটনৈতিকভাবে ইরানের কাছে একটি বার্তা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমান হামলা সীমিত এবং ওয়াশিংটন ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করছে না।

ট্রাম্প 'ট্রুথ সোশ্যালে' লিখেছেন, "আমরা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা করেছি। ফোরডো, নাতাঞ্জ এবং ইস্ফাহান এর মধ্যে রয়েছে। সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ফোরডোর প্রধান সাইটে বোমার পুরো পে-লোড ফেলা হয়েছে। আমাদের বিমানগুলো নিরাপদে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছে।" তিনি আরও বলেন, "আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বে এমন কোনও সেনাবাহিনী নেই, যারা এটা করতে পারত। এখন শান্তির সময়! এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।"

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার ঘোষণার পরপরই ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউস থেকে স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং এটিকে আমেরিকা, ইজরায়েল এবং বিশ্বের জন্য একটি "ঐতিহাসিক মুহূর্ত" বলে অভিহিত করেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই হামলায় দুটি বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতে এই প্রথম আমেরিকা ইরানের বিরুদ্ধে এই ধরনের কৌশল ব্যবহার করল। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিযানের আগের রাতে ফোন করে হামলার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিলেন।

তবে ইরান ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করে তার ঘোষণাটিকে 'গুজব' বলে অভিহিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, "ট্রাম্প সাধারণত গুজব ছড়ান। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা দরকার। বোমা মেরে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করা যাবে না।"

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, কেবলমাত্র আমেরিকান স্টিলথ বোমারু বিমানগুলো ফোরডোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করতে সক্ষম।

ইরান বারবার সতর্ক করেছে যে, তাঁদের পারমাণবিক সাইটে হামলা হলে তাঁরা প্রতিশোধ নেবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে বলেছিলেন, ইরানের ওপর হামলায় আমেরিকার কোনও ধরনের সম্পৃক্ততা খুবই বিপজ্জনক হবে। এখন ইজরায়েলের এই অভিযানে আমেরিকার সরাসরি অংশগ্রহণের পর তেহরানের প্রতিক্রিয়া কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

এই বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল এখন এই অঞ্চলের পরিস্থিতির দিকে নজর রাখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+