Sheikh Hasina: আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ডের সাজা বাংলাদেশে
বদলে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতা হারানোর পর কোনও মামলায় এই প্রথম হাসিনার কারাদণ্ড হল। আদালত অবমাননার দায়ে এই সাজা ঘোষণা করা হয়েছে।
বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এদিন বুধবার এই আদেশ দিয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য গঠিত একটি বিশেষ আদালত।

এই মামলার অন্য আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মহম্মদ শাকিল আলমকেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
গত বছরের ৫ অগাস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লিগ সরকারের পতন হয়। প্রাণ বাঁচিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয় হাসিনাকে।
এই মামলার অভিযোগে বলা হয়েছিল, শেখ হাসিনা একটি অডিও ক্লিপে '২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি' বলে নাকি মন্তব্য করেছেন। এই বক্তব্যের সূত্র ধরে শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।
এই মামলার শুনানিতে ট্রাইব্যুনাল দুই আসামিকে ২৫ মে হাজির হয়ে তাঁদের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলে। কিন্তু তাঁরা ধার্য তারিখে হাজির হননি। এমনকী কোনও আইনজীবীও তাঁদের পক্ষে কোনও ব্যাখ্যা দেননি। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিদের সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু পরে ফের তারিখ ঘোষণা হলেও সেই তারিখেও তাঁরা স্বাভাবিকভাবেই অনুপস্থিত ছিলেন। এরপর ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৯ জুন তারিখ নির্ধারণ করে। সবশেষে ট্রাইব্যুনাল ২ জুলাই চূড়ান্ত রায় ঘোষণা করে। সেইমতো দুজনকে এদিন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications