Iran: জরুরি বৈঠক করুক নিরাপত্তা পরিষদ, রাষ্ট্রসংঘে চিঠি দিয়ে আমেরিকার হামলার বিরোধিতা ইরানের
ইরানের রাষ্ট্রদূত রাষ্ট্রসংঘে একটি চিঠির মাধ্যমে আমেরিকার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি আমেরিকাকে ইরানের বিরুদ্ধে 'জঘন্য হামলা ও অবৈধ শক্তি ব্যবহারের' জন্য অভিযুক্ত করে তোপ দেগেছেন।
ইরানের রাষ্ট্রদূত আমির সঈদ ইরাভানি চিঠি দিয়ে উল্লেখ করেছেন, রাষ্ট্রসংঘের সবচেয়ে শক্তিশালী সংস্থা হিসেবে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী আমেরিকাকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত।

নিউইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী ইরান মিশন স্থানীয় সময় মধ্যরাতে নিরাপত্তা পরিষদে একটি জরুরি চিঠি পেশ করেছে। সেখানে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে যুক্তরাষ্ট্রের বেআইনি এবং বেপরোয়া বোমাবর্ষণের তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে এর বিহিত চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রী ইরান এই উস্কানিমূলক এবং পূর্বপরিকল্পিত আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে। এছাড়াও ১৩ জুন ইজরায়েল কর্তৃক ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলিতে যে বৃহৎ আকারের সামরিক হামলা চালানো হয়েছে, তারও নিন্দা জানানো হচ্ছে।
ইরানের অভিযোগ, ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা অহেতুক যুদ্ধে জড়িয়ে পড়ার উপক্রম করেছে। ওদিকে চিন এবং রাশিয়াও রাষ্ট্রসংঘে অবিলম্বে ইরানে হামলা বন্ধের জন্য আবেদন জানিয়েছে। এই প্রেক্ষিতে ইরানের পাল্টা হুমকির পর পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকেই সকলের নজর রয়েছে।












Click it and Unblock the Notifications