Iran-Israel: ট্রাম্পকে কাঁচকলা দেখিয়ে যুদ্ধবিরতি উপেক্ষা ইরান-ইজরায়েলের, মারাত্মক ক্ষেপলেন মার্কিন রাষ্ট্রপতি
দুই দেশের মধ্য়ে সন্ধি করিয়ে দিয়ে পেরেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে দাবিতে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন, সেই দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে সকলের সামনে ট্রাম্পের মুখে চুনকালি মাখাল ইরান-ইজরায়েল। ফলে যা হওয়ার তাই হল, ট্রাম্প ফের মেজাজ হারালেন।
এদিন ট্রাম্প সবচেয়ে বেশি ক্ষেপে গেলেন ইজরায়েলের ওপর। তবে সাংবাদিক বৈঠকে ইজরায়েল এবং ইরান উভয়ের উপরেই রাগ প্রকাশ করেছেন তিনি। একটি ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার জন্য হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন। তাঁর মতে, দেশ দুটি "কী করছে, সে বিষয়ে তাঁর কোনও ধারণাই নেই।"

সোমবার রাতে একটি যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও ইজরায়েল ও ইরান একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনায় ট্রাম্প ভীষণ অসন্তুষ্ট। তিনি বলেন, "আমি ইজরায়েলের উপর খুশি নই। যখন আমি বলি, তোমাদের হাতে ১২ ঘণ্টা সময় আছে, তার প্রথম ঘণ্টাতেই তোমরা যা কিছু আছে, সবকিছু তাদের উপর ফেলে দিচ্ছো। ইরানের উপরও আমি খুশি নই। তবে ইজরায়েল যদি আজ সকালে এটা করে থাকে, তাহলে আমি খুবই অসন্তুষ্ট।"
ট্রাম্প আরও বলেন, "মূলত, আমাদের কাছে এমন দুটি দেশ আছে, যারা এত দিন ধরে এবং এত কঠিনভাবে যুদ্ধ করছে যে তারা বুঝতেই পারছে না তারা কী করছে।" তিনি যোগ করেন, "আমি দেখব এটা বন্ধ করতে পারি কিনা।"
ট্রাম্প তাঁর স্যোশাল মিডিয়ায় লেখেন, "ইজরায়েল, তোমরা বোমা ফেলো না। যদি তোমরা এটা করো, তবে এটা একটা বড় ধরনের লঙ্ঘন হবে। তোমাদের যুদ্ধবিমানের পাইলটদের এখনই ফিরিয়ে নিয়ে যাও!"
কিছুক্ষণ পরেই তিনি ঘোষণা করেন যে ইজরায়েল মঙ্গলবার সকালে তাঁদের হামলার পরিকল্পনা বাতিল করেছে। তিনি আরও লেখেন, "ইজরায়েল ইরানকে আক্রমণ করবে না। সমস্ত বিমানগুলি ঘুরে গিয়ে ইরানের দিকে বন্ধুত্বপূর্ণ 'প্লেন ওয়েভ' করবে। কেউ আহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে! এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!" এরপর তিনি আরও একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, "ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলি আর কখনও পুনর্নির্মাণ করতে পারবে না!"
ট্রাম্প স্থানীয় সময় সোমবার রাতে ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং এই সংঘাতকে "১২ দিনের যুদ্ধ" বলে অভিহিত করেন। কাতারের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানের সম্মতি নিশ্চিত করেছেন। এর আগে ইরান কাতারের আল-উদিদ বিমান ঘাঁটিতে সীমিত হামলা চালিয়েছিল।
যুদ্ধবিরতির ঘোষণার পরই ইরান ইজরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর ফের ইজরায়েল হামলায় ব্যস্ত হয়ে পড়ে। ফলে ট্রাম্প দুই দেশের মধ্যে সন্ধি করিয়ে দিয়েছেন বলে যে দাবি করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন, সেই দাবিতে দুই দেশই চোনা ফেলে দিয়েছে। এখন দেখার ক্ষিপ্ত ট্রাম্প আগামিদিনে কোন সিদ্ধান্ত নেন।












Click it and Unblock the Notifications