শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ যোগী সরকারের, ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন
শিক্ষক নিয়োগে কোনও রকম দুর্নীতি হোক সেটা চান না যোগী আদিত্যনাথ। সেকারণে বিশেষ কমিটি গঠন করেছেন তিনি। ১২ সদস্যের এই কমিটি রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য খতিয়ে দেখবেন। রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব স্তরেই শিক্ষক নিয়োগ হবে একটি মাত্র কমিশনের মাধ্যমেই।
উত্তর প্রদেশ এডুকেশন সার্ভিস সিলেকশন কমিশন নামে একটি বোর্ড তৈরি করেছেন যোগী আদিত্যনাথ। এই নতুন কমিশন গোটা রাজ্যের সব সরকারি স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ করবে। শুধু প্রাথমিক স্কুল নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি শিক্ষা সহ একাধিক সরকারি শিক্ষাক্ষেত্রের শিক্ষক এই কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

শিক্ষা দফতরের মুখ্যসচিব সুধীর এম বব্দের নেতৃত্বে এই কমিশন কাজ করবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগে রাজ্যে শিক্ষক নিয়োগের একাধিক কমিশন ছিল। এতে বিভ্রান্ত হতেন চাকরি প্রার্থীরা। সেই সঙ্গে প্রচুর পরিমানে দুর্নীতিও হত। কিন্তু একটি কমিশনের মাধ্যমে সেই প্রক্রিয়া হওয়ায় নিয়োগ আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন যোগী।

এই নতুন কমিশনের মাধ্যমে উচ্চশিক্ষা ক্ষেত্রেও নিয়োগ করা হবে। এমনকী সংখ্যালঘু উন্নয়ন এবং ওয়াকফ ডিপার্টমেন্টের নিযোগও এই কমিশনের মাধ্যমে হবে বলে জানানো হয়েছে। এর আগে উত্তর প্রদেশের প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিশন এবং উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হত। কিন্তু একটি কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে সমস্যা এবং জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications