মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার বিস্ফোরণ ভর্তি গাড়ি
মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে উদ্ধার বিস্ফোরণ ভর্তি গাড়ি
মুম্বইয়ে ধনকুবের মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার বাইরে একটি সন্দেহজনক এসইউভি গাড়িতে ২০টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়।

মুম্বইয়ের পেডার রোডের জনপ্রিয় অ্যান্টিলিয়া বাড়ির বাইরে একটি স্করপিওকে দাঁড় করানো অবস্থায় দেখা যায় বৃহস্পতিবার। এদিন সন্ধ্যাবেলা আম্বানির বাড়ির সুরক্ষায় থাকা নিরাপত্তা কর্মীরা এই গাড়িটি লক্ষ্য করেন প্রথম এবং দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। এই খবর পাওয়ার পরই গামদেবী পুলিশ থানার একাধিক কর্মী আম্বানির বাড়ির সামনে চলে আসেন এবং এসইউভিটি পরীক্ষা করতে শুরু করে দেন। ঘটনাস্থলে বোম্ব স্কোয়াডকেও ডাকা হয়। গাড়িটি পরীক্ষা করার পর তার ভেতর থেকে ২০টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়। এই উদ্ধারের পর ঘটনাস্থানে ডগ স্কোয়াডকেও ডাকা হয়।
মুম্বই পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, '২০টি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে গাড়ির ভেতর থেকে।’ মুম্বই পুলিশের জনসংযোগ আধিকারিক এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যে শুধুমাত্র জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে আর কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। কিছু নম্বর প্লেট গাড়ির মধ্য থেকে পাওয়া গিয়েছে। গাড়িটির নম্বরের সঙ্গে মিল রয়েছে আম্বানিদেরই নিরাপত্তার কাজে ব্যবহৃত একটি গাড়ির সঙ্গে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে এক চিঠিও। এ নিয়ে বিশদে এখনও কিছুই জানানো হয়নি, তদন্ত চলছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ জিলেটিক স্টিকের উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন। তিনি এও জানান যে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ গোটা ঘটনাটির তদন্ত করছে।
বিস্ফোরণের সামগ্রী উদ্ধার হওয়ার পর থেকেই কারমাইকেল রোডে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে, মোতায়েন রয়েছে কম্যান্ডো। মহারাষ্ট্র পুলিশের এটিএসও ঘটনাস্থল পরিদর্শন করেত যায়। পুলিশ জানিয়েছে, সন্দেহজনক গাড়িটিকে নিয়ে তদন্ত করা হচ্ছে এবং ক্রাইম ব্রাঞ্চ ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাস যোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে এটিএস।












Click it and Unblock the Notifications