আরও দীর্ঘ হতে চলেছে কৃষক আন্দোলন! কেন্দ্রের উদ্দেশে হুঙ্কার শরদ পাওয়ারের
এনসিপি প্রধান শরদ পাওয়ার এদিন বলেন যে চলমান কৃষক আন্দোলন আরও দীর্ঘায়িত হতে চলেছে। এবং তিনি কেন্দ্রের কাছে আবেদন করেন যে দ্রুত এই মর্মে পদক্ষেপ নেওয়া হোক। এদিন শরদ পাওয়ার বলেন, 'আমার তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে আরও ৭০০টি ট্রাক্টরে করে প্রতিবাদীরা দিল্লি সীমানায় এসেছে। যদি কেন্দ্র কোনও সিদ্ধান্ত না নেয় তাহলে এই আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।'

কৃষক বিরোধী 'কেন্দ্রীয় আইন'
বর্তমান পরিস্থিতির জন্যে সরাসরি কেন্দ্রকে দায়ী করে শরদ পাওয়ার এদিন বলেন, 'এর আগে বিরোধী দলগুলি বারবার কেন্দ্রকে বলেছিল যে তড়িঘড়ি করে এই আইন যাতে পাশ না করা হয়। এই আইন কৃষক বিরোধী হতে চলেছে। কিন্তু আমাদের দাবি মেনে নেয়নি কেন্দ্র। সংসদের দুই সভাতেই কোনও আলোচনা ছাড়া ১৫-২০ মিনিটেই পাশ হয়ে যায় এই আইনগুলি।'

সুপ্রিম কোর্টে জমা পড়েছে একাধিক মামলা
ইতিমধ্যেই কৃষি আইন নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে। যার মধ্য়ে অন্য়তম মামলাগুলি হল, ডিএমকে সাংসদ তিরুচি শিবা, আরজেডি-র রাজ্য়সভার সাংসদ মনোজ ঝা, ছত্তিশগড় কিষান কংগ্রেসের রাকেশ বৈষ্ণবের করা মামলা। সেই মামলাগুলির প্রেক্ষিতে শীর্ষ আদালত গত ১২ অক্টোবর কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছিল। কৃষকদের করা মামলায় দিল্লির সীমানায় চলা বিক্ষোভ এবং সরকারের সঙ্গে হওয়া আলোচনার কথাও উল্লেখ করা হয়েছে।

সরকারের সঙ্গে পাঁচবার বৈঠক করেছেন কৃষক সংগঠনগুলি
এখনও পর্যন্ত সরকারের সঙ্গে পাঁচবার বৈঠক করেছেন কৃষক সংগঠনগুলি। তবে সমস্যা মেটেনি। মেলেনি কোনও সমাধান সূত্র। এর আগে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে চিঁড়ে ভেজেনি৷ এই আবহে কৃষকদের ডাকা ১২ ও ১৪ তারিখ দেশজুড়ে প্রতিবাদ অনুষ্ঠিত হবে। কৃষকদের তরফে জানানো হয়েছে তাঁদের দাবি না মিটলে তাঁরা রেল অবরোধের পথেও যাবেন৷












Click it and Unblock the Notifications