সমাধান সূত্রের খোঁজে অনড় কৃষকরা! কৃষি আইন নিয়ে কেন্দ্রের কড়া মনোভাব নরম হবে আজ?
আজ, বুধবার কেন্দ্র-কৃষক বৈঠক৷ একদিকে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আবিচল সীঙ্ঘু সীমান্ত আন্দোলনরত কৃষকরা। অন্যদিকে, নতুন আইন বাতিলের দাবিকে মানতে রাজি নয় সরকার৷ এই অবস্থায় আজকের বৈঠকে কোনও সমাধান সূত্র মেলে কি না সেটাই দেখার৷ সূত্রের খবর, সমাধান সূত্রের খোঁজে রয়েছে অনড় কৃষকরা। তাই সবার মনেই প্রশ্ন, কৃষি আইন নিয়ে কেন্দ্রের কড়া মনোভাব নরম হবে আজ?

কেন্দ্রকে কৃষকদের হুঁশিয়ারি
এদিকে বৈঠকে বসার আগে এদিন ফের একবার কৃষকরা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য ছাড়া কোনও বিষয় নিয়েই আলোচনা করবে না তারা। গত একমাসে ছ'বার কথা হয়েছে কেন্দ্র ও আন্দোলনরত কৃষকদের মধ্যে৷ জানা গিয়েছে, এবারের বৈঠকের আগে মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও পীযূষ গোয়েল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করেন৷ তাঁদের মধ্যে সরকারের অবস্থান নিয়ে কথা হয়৷

আজকের বৈঠকের দিকে তাকিয়ে দু'পক্ষই
বুধবারের বৈঠকে সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল ও বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ৷ কৃষি মন্ত্রী মঙ্গলবার বলেন, আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে৷ এই পরিস্থিতিতে আজকের বৈঠকের দিকে তাকিয়ে দু'পক্ষই৷

৮০টি কৃষক সংগঠনকে আজকের বৈঠকের জন্য আমন্ত্রণ জানায় কেন্দ্র
কয়েকদিন আগে চিঠি দিয়ে কেন্দ্র আন্দোলনরত ৮০টি কৃষক সংগঠনকে আজকের বৈঠকের জন্য আমন্ত্রণ জানায়৷ সেই আমন্ত্রণ গ্রহণ করেন কৃষক নেতারা৷ তবে আন্দোলনরত কৃষকের প্রতিনিধি সংযুক্ত কৃষক মোর্চার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নয়া তিন আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের দাবি থেকে তাঁরা কোনওভাবেই সরছে না৷

আজ আন্দোলনের বয়স হল ৩৫ দিন
এদিকে আজ আন্দোলনের বয়স হল ৩৫ দিন৷ শেষবার কেন্দ্র-কৃষক বৈঠক হয়েছিল ৫ ডিসেম্বরে৷ পরের বৈঠক ৯ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও তা ভেস্তে যায়৷ এছাড়াও অমিত শাহ কৃষক নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন৷ যদিও সেই আলোচনাতেও সমস্যার সমাধান সূত্র মেলেনি৷












Click it and Unblock the Notifications