কর্নাটকে মুখ্যমন্ত্রীর শপথের দিন ঘোষণা কংগ্রেসের, কে বসতে চলেছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে
কর্নাটকে মুখ্যমন্ত্রীর শপথের দিন ঘোষণা করে দিল কংগ্রেস। এবার মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার অপেক্ষা। কর্নাটকে কংগ্রেসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপস্থিত থাকতে পারেন সোনিয়া গান্ধীও।
কংগ্রেস জানিয়েছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার শপথ নেবেন। একইসঙ্গে তাঁর মন্ত্রিসভাও শপথ নেবে বৃহস্পতিবার। কংগ্রেস সমস্ত সমমনোভাবাপন্ন দলকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অচিরেই কর্নাটকের নয়া মন্ত্রিসভা চূড়ান্ত রূপ পাবে বলে জানানো হয়েছে।

দক্ষিণে বিজেপির একমতা্র ঘাঁটি ছিল কর্নাটক। সেই ঘাঁটি এখন কংগ্রেসের দখলে। কর্নাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে। শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রকাশিত ফলে কংগ্রেস ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ১৩৬ আসনে জিতে বিপুল জয় পেয়েছে।
কংগ্রেস যখন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কর্নাটকের ক্ষমতা দখল করতে চলেছে, তখন বিজেপি এবার নেমে গিয়েছে ৬৫ আসনে। তার ফলে দক্ষিণ ভারত বিজেপিমুক্ত হয়েছে। এই অবস্থায় কংগ্রেস কাকে মুখ্যমন্ত্রী মনোনীত করবেন, সে ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে বিধায়কদের বিধায়কদের একটি বৈঠক ডাকা হয়েছে।
কংগ্রেস মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বভারতীয় সভাপতির কাছে একটি প্রস্তাব পাস করবে বলে জানা গিয়েছে। তার ফলে এদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে সমস্ত বিধায়কের মতামত নিশ্চিত করা হবে এ ব্যাপারে। চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বৃহস্পতিবার শপথ গ্রহণের দিনে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক সুশীলকুমার শিন্ডে, দীপক বাবরিয়া এবং জিতেন্দ্র সিং আলওয়ার কর্নাটকের পর্যবেক্ষক হিসেবে যেমন এই বৈঠকে আছেন, তেমনই প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও রয়েছেন।
কর্নাটকের শীর্ষ পদের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মধ্যেই মূলত লড়াই। কে হবেন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সবার সম্মতি নিয়েই এগোতে চাইছে কংগ্রেস। বিষয়টির সমাধান না করা পর্যন্ত অবশ্য কংগ্রেসের মধ্যে উদ্বেগ রয়েছে। রাজনৈতিক মহলেও উত্তেজনা রয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া উভয়ের অনুগামীরাই চাইছেন তাঁদের নেতা কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে বসুন। উভয়ের বাড়ির সামনেই এদিন পোস্টার পড়েছে। সিদ্দারামাইয়াকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে পোস্টার দেওয়া হয়েছে। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শিবকুমারের বাড়ির বাইরেও পোস্টার পড়ে।












Click it and Unblock the Notifications