মোদীর 'স্টেপ আউট'-এ বড় জয়ের পর ব্যাকফুটে থাকা নীতীশের মাথাতেই অধিনায়কত্বের মুকুট?
নির্বাচনে জয়ের পর অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেয়েছেন নীতীশ। সপ্তম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে এর মধ্যেও থেকে যাচ্ছে আশঙ্কার কালো মেঘ। শেষ পর্যন্ত মহারাষ্ট্র পর্বের পুনরাবৃত্তি হবে না তো? আর এই আশঙ্কার কারণ, এনডিএ-তে 'পাওয়ার ব্যালেন্স'-এ বদল। নীতীশের দল নয়, বিহারে এখনও এনডিএ-র সিনিয়র পার্টনার বিজেপি। তাহলে কী মসনদে কোনও বিজেপি মুখ্যমন্ত্রীকে দেখা যাবে? গতকাল সারাদিন ধরে এই প্রশ্নই উঠেছে বিভিন্ন মহলে।

প্রতিষ্ঠান বিরোধী হাওয়া
প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিলই। তার উপর গত কয়েক মাসের লকডাউনে নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ছিল। যুক্ত হয়েছিল পরিযায়ী শ্রমিকদের সমস্যা সহ একাধিক ইস্যু। তার উপর ছিল চিরাগের পাশে না থাকা, বাবার ছায়া থেকে বেরিয়ে এসে তেজস্বীর দুর্দান্ত লড়াই। সব মিলিয়ে ব্যাকফুটে ছিল এনিডএ জোট। কিন্তু তা সত্ত্বেও হাড্ডাহাড্ডি লড়াই শেষে তাদের মুখেই ফুটেছে জয়ের হাসি। আর তার কৃতিত্ব নরেন্দ্র মোদিকেই দিচ্ছেন বিজেপি নেতা থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

১২টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী
নির্বাচনের আগে বিহারের আড়ারিয়া, সমস্তিপুর, ছাপড়া, দ্বারভাঙা মিলিয়ে ১২টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী। বিজেপি নেতা রবিশংকর প্রসাদ এবং অশ্বিনীকুমার চৌবে সহ অন্যরাও তাই বলছেন, মোদি ম্যাজিকেই কাজ হল। চরম উত্তেজনা শেষে রাতে ম্যাজিক ফিগার পার করে যায় এনডিএ শিবির ৷ মহাজোট প্রতি মুহূর্তে ঘাড়ের উপর নিশ্বাস ফেললেও শেষে ১২৫টি আসনে জয় পায় তারা৷

কী বলছেন বিজেপি নেতারা?
রবিশংকর প্রসাদ বলেন, 'আজ একটি ঐতিহাসিক দিন । এনডিএ আবার বিহারের মানুষের বিশ্বাস জয় করেছে। তাঁরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রতি বিশ্বাস রেখেছেন। তাঁরা বিশ্বাস করেছেন বিহারের উন্নয়ন ছাড়া ভারতের উন্নয়ন অসম্পূর্ণ।' এদিকে অশ্বিনীকুমার চৌবে বলেন, 'বিহারের জনগণ ডবল ইঞ্জিন সরকার নির্বাচন করেছে এবং 'ডবল যুবরাজকে' প্রত্যাখ্যান করেছে। আমি বিহারের মানুষের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর পরিশ্রম ও নেতৃত্বের ফলেই এই জয়।' এবং এহেন মোদী বন্দনাতেই উঠেছে প্রশ্ন। প্রতিশ্রুতি মতো নীতীশের মাথাতেই মুকুট উঠবে তো?

নীতীশের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কী ভাবছে বিজেপি?
তবে নীতীশের জন্য স্বস্তি এনেছে নিত্যানন্দ রাই, সঞ্জয় জয়সওয়ালদের মন্তব্য। বিজেপি নেতা নিত্যানন্দ রাই বলেন, 'বিহারের মানুষ এনডিএ, নরেন্দ্র মোদীজি, এবং নীতীশ কুমারজির উপর ভরসা করেছেন। জনগণ আমাদের একটি স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে।' এদিকে বিহারের প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, হাই কমান্ড নীতীশের উপরই ভরা রেখেছে। পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই। তবুও বিজেপির অন্দরে নীতীশকে সরিয়ে গেরুয়া শিবিরের মুখকে দাঁড় করানোর দাবি উঠেছে। তাঁদের যুক্তি, নীতীশকে টেনে তুলেছেন মোদী। সেই ক্ষেত্রে জেডিইউর উচিত বিজেপিকে সমর্থন করা। জোটে 'সিনিয়র পার্টনার' হয়েও সাইডলাইনে বসে থাকতে নারাজ অনেক বিজেপি নেতা-কর্মী।

বিহার জয়ের নেপথ্যে ব্র্যান্ড মোদী
বিজেপি নেতারা যা বলছেন তা যে খুব একটা অযৌক্তিক নয় তা প্রাপ্ত আসনের দিকে তাকালেই বোঝা যায় বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তাদের ব্যাখ্যা, এনডিএ জোটের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৭৪টি আসন৷ যেখানে গতবার তারা পেয়েছিল ৫৩টি আসন। অপরদিকে জেডিইউ এবার পেয়েছে ৪৩ আসন। গতবার তারা পেয়েছিল ৭১টি আসন। তাই নীতীশ নন, নরেন্দ্র মোদীর উপরই বিহারের মানুষ ভরসা রেখেছে বলে মত তাদের।












Click it and Unblock the Notifications