লাল-হলুদের রক্তচাপ বাড়িয়ে দিলেন ‘বাতিল’ বাজি, জটিল অঙ্কে আই লিগের সম্ভাবনা দুই প্রধানের
চির-প্রতিদ্বন্দ্বী মোহনবাগান তবু তিন বছর আগে অভিশাপ মুক্তি ঘটিয়েছে, কিন্তু তাঁদের বোধ হয় এবার আই লিগ প্রাপ্তি হল না। দোলাচলে ইস্টবেঙ্গল।
সম্ভাবনার সব আশাটুকু এখনও শেষ হয়ে যায়নি। তবে আরও জটিল হল আই লিগে ইস্টবেঙ্গলের অবশিষ্ট আশা। আইলিগ এবারও না অধরা মাধুরী হয়ে রয়ে যায় লাল-হলুদের কাছে। চির-প্রতিদ্বন্দ্বী মোহনবাগান তবু তিন বছর আগে অভিশাপ মুক্তি ঘটিয়েছে, কিন্তু তাঁদের বোধ হয় এবার আই লিগ প্রাপ্তি হল না। এদিন আইজলের বিরুদ্ধে মিনার্ভার মসৃণ জয়ে আই লিগ হাতছাড়া হতে চলেছে ইস্টবেঙ্গলের। আর ইস্টবেঙ্গলের বাতিল বাজি আর্মান্দোর গোলেই মিনার্ভা গয়ের রাস্তা মসৃণ করল।

এবার দু-দুবার মোহনবাগানের কাছে হারতে হয়েছে আই লিগে। তবু আই লিগটা পেলে সমর্থকদের মুখে হাসি ফোটানো যেত। খালিদ জামিল প্রমাণ করতে পারতেন, তাঁকে পাহাড় থেকে কলকাতায় কোচিং করাতে এনে ভুল করেননি ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু সেই স্বপ্ন বুঝি অসম্পূর্ণই রয়ে যাবে খালিদের।
খাতায়-কলমে এখনও আই লিগ জয়ের সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের। এদিন আইজলের বিরুদ্ধে ২-০ গোলে জয়ের পর লিগ শীর্ষে থাকা মিনার্ভার পয়েন্ট ১৬ ম্যাচে ৩২। আর ইস্টবেঙ্গলের পয়েন্ট সমসংখ্যক ম্যাচে ২৯। ইস্টবেঙ্গল তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে নেরোকা। তারা একটি ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছে। আর চতুর্থ স্থানে থাকা মোহনবাগানের পয়েন্ট ১৫ ম্যাচে ২৪। খাতায়-কলমে মোহবাগানেরও সম্ভাবনা রয়েছে আই লিগের। কিন্তু তা একেবারেই ক্ষীণ।
মোহনবাগানের পক্ষে শর্ত, সমস্ত ম্যাচে জিততে হবে। মিনার্ভাকে দুটি ম্যাচে অন্তত পাঁচ পয়েন্ট হারাতে হবে। নেরোকাকে বাকি ম্যাচটি জিতলে চলবে না। আর ইস্টবেঙ্গলকে অন্তত একটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হবে।
নেরোকার ক্ষেত্রে তাঁদের বাকি থাকা একটি ম্যাচ জিততে হবে। আর মিনার্ভাকে দুটি ম্যাচেই অন্তত চার পয়েন্ট নষ্ট করতে হবে। নেরোকা জিতে গেলে মোহনবাগান ফ্যাক্টর নয়। আর ইস্টবেঙ্গলকে একটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হবে।
ইস্টবেঙ্গলের আই লিগ প্রাপ্তিতে মূল বাধা মিনার্ভা। ইস্টবেঙ্গল যদি শেষ দুটি ম্যাচেই জিতে যায়, তাহলে নেরোকা ও মোহনবাগান ফ্যাক্টর হবে না। তবে সেক্ষেত্রে মিনার্ভাকে একটি ম্যাচে হারতে হবে। কিংবা বাকি দুটি ম্যাচ ড্র করলেও চলবে।
আর মিনার্ভার সম্ভাবনা সব থেকে উজ্জ্বল। তারা বাকি দুটি ম্যাচে জিতে গেলে, সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে। তাদের কারও ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না। শুধুমাত্র যদি পয়েন্ট নষ্ট করে বসে, তখনই অন্যের মুখাপেক্ষী থাকতে হবে। অবশ্য একটি ম্যাচ জিতে, একটি ম্যাচ না হারলেই অর্থাৎ ড্র করলেও চলবে মিনার্ভার। মোট কথা বাকি দুটি ম্যাচ জিতলেই নতুন চ্যাম্পিয়নকে পাবে আই লিগ। গতবার আইজলের মতো প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হবে মিনার্ভা।












Click it and Unblock the Notifications