মেসির জোড়া গোলে লা লিগায় জয়ের সরণিতে বার্সেলোনা
জোড়া গোল করলেন লিওনেল মেসি। সেই সুবাদেই ফের লা লিগায় জয়ের সরণিতে ফিরল বার্সেলোনা। ক্যাম্প ন্যূ-তে লিগ তালিকায় ১৯ নম্বর দল এলচেকে ৩-০ গোলে হারাল বার্সা।

ঘরের মাঠে কাদিজের কাছে আটকে যাওয়ার পর খেতাবি দৌড়ে থাকতে এই ম্যাচ বার্সেলোনার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর আশা আর আশঙ্কার দোলাচলে ছিলেন বার্সা ভক্তরা। ম্যাচের ৪৮ মিনিটে লিওনেল মেসি প্রথম গোলটি করেন। ৬৮ মিনিটে ফের তাঁর করা গোলেই বার্সা এগিয়ে যায় ২-০-তে। ৭৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান জর্দি আলবা।
বার্সার পরের ম্যাচ লিগ তালিকায় চার নম্বরে থাকা সেভিয়ার বিরুদ্ধে শনিবার। ঘরের মাঠে সেভিয়ার কাছেই কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে বার্সা ০-২ গোলে হেরে রয়েছে। ফিরতি লেগের খেলা ৪ মার্চ। তার আগে শনিবার সেভিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইবে বার্সেলোনা।
২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রয়েছে আতলেতিকো মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে সমসংখ্যক ম্যাচ খেলে তিনে থাকা বার্সার পয়েন্টের ব্যবধান দুই। ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেভিয়া। ফলে তাদের ঘরের মাঠে লা লিগায় অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে বার্সাকে কড়া চ্যালেঞ্জের মোকাবিলাই করতে হবে।












Click it and Unblock the Notifications