আইএসএল ২০২০-২১ : বছর শেষে হায়দরাবাদকে হারিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে গোয়া, খেলার ফল ২-১
আইএসএল ২০২০-২১ : বছর শেষে হায়দরাবাদকে হারিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে গোয়া
রুদ্ধশ্বাস ম্যাচে গোল ও পাল্টা গোলের দুর্দান্ত মোকাবিলায় শেষ হল ভারতীয় ফুটবলের ২০২০। বছর শেষের হাসিও হাসল এক দল। অন্য দলের সামনে লড়াইয়ের মঞ্চ।
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হায়দরাবাদ এফসি-কে হারিয়েই দিল এফসি গোয়া। ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে পরের ২৪০ সেকেন্ডের মধ্যে দুই গোল দেয় টুর্নামেন্টের আয়োজক রাজ্য। ম্যাচের ফল ২-১। এই জয়ের ফলে ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল ইগর আনগুলো শিবির। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার অষ্টম স্থানে নেমে গেল হায়দরাবাদ।

কার্যত মাস্ট উইন ম্যাচে প্রথম থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় এফসি গোয়া। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় ইগর আনগুলোরা। তবে ডি-বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলে গোয়া। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় হায়দরাবাদ এফসি। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় হায়দরাবাদ এফসি। এফসি গোয়ার রক্ষণভাগে আক্রমণের ঝড় তুলে দেয় দক্ষিণের দল। তেমনই এক দুর্দান্ত মুভকে হাতিয়ার করে ম্যাচের ৫৮ মিনিটে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন অধিনায়ক তথা ব্রাজিলিয় স্ট্রাইকার আরিদানে সান্টানা। এক গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি এফসি গোয়া। বরং দ্বিগুন তাগিদ নিয়ে হায়দরাবাদ এফসি-র গোলমুখে চাপ বাড়ায় ইগর আনগুলোরা।
ইতিমধ্যে আক্রমণ ও প্রতি-আক্রমণে আকর্ষণীয় হয়ে ওঠে ম্যাচ। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় হায়দরাবাদ এফসি। কিন্তু ৮৭ মিনিটে সব চিত্র পাল্টে যায়। এফসি গোয়ার প্রথম গোল আসে পান্ডিটার বুট থেকে। অতিরিক্ত সময়ে গোয়ার হয়ে ফের স্কোর করেন গোল মেশিন ইগর আলগুলো। টুর্নামেন্টে এটি তাঁর নবম গোল।
ম্যাচে ৫৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখে এফসি গোয়া। ৪৪ শতাংশ বলের দখল থাকে হায়দরাবাদ এফসি-র ঝুলিতে। গোলমুখে ১১টি শট নেয় গোয়া। ১৪টি শট আসে হায়দরাবাদ শিবিরের তরফে। ম্যাচে সাতটি ও পাঁচটি কর্নার পায় যথাক্রমে জয়ী ও পরাজিত দল।












Click it and Unblock the Notifications