জয় না এলে ড্র-ই অস্ত্র এটিকে মোহনবাগান কোচের, কোন ছকে এগোনোর ভাবনা হাবাসের
জয় না এলে ড্র-ই অস্ত্র এটিকে মোহনবাগান কোচের, ফলাফলে মোটেই হতাশ নন
চেন্নাইইন এফসির বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কোনও গোল পায়নি এটিকে মোহনবাগান। ম্যাচে প্রতিপক্ষকে কোনও গোল করতেও দেয়নি সবুজ-মেরুন। ড্র করেও লিগ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। এই ফলও তাঁদের রণনীতির মধ্যে ছিল বলে অকপটে স্বীকার করেছেন এটিকে মোহনবাগান কোচ। এ ব্যাপারে ঠিক কী বলেছেন হাবাস, তা জেনে নেওয়া যাক।

হতাশ নন হাবাস
চাইলে চেন্নাইইন এফসিকে হারিয়ে চলতি আইএসএলে আরও একবার জয়ের হ্যাটট্রিক করতে পারত এটিকে মোহনবাগান। তা না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সবুজ-মেরুনকে। যদিও এই ফলাফলে অসন্তুষ্ট নন এটিকে মোহনবাগান কোচ আন্টোনিও লোপেজ হাবাস। স্পষ্ট জানিয়েছেন যে জয় পাওয়া সম্ভব না হলে ড্র-এর জন্য ঝাঁপানোই বুদ্ধিমানের কাজ। চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে ম্যাচের ফল তাঁদের রণনীতির মধ্যে ছিল বলেও জানিয়েছেন হাবাস।

প্রবীরের থেকে মনবীরকে প্রাধান্য
এটিকে শিবিরকে গত আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে বড় ভূমিকা ছিল প্রবীর দাসের। সেই ফুটবলারকে এবার প্রথম একাদশে সুযোগ দিতে পারছেন না আন্টোনিও লোপেজ হাবাস। যদিও তাতে প্রবীরের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে রাজি নন সবুজ-মেরুন কোচ। উল্টে বাঙালি ফুটবলারকে দুর্দান্ত বলে আখ্যা দিয়েছেন স্প্যানিশ কোচ। তাঁর কথায়, মনবীর সিং দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রবীর দাসকেও তাঁর দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন হাবাস।

এটিকে মোহনবাগানের অবস্থান
মঙ্গলবার চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে ড্র করেও লিগ আইএসএল তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান। আট ম্যাচ খেলে ১৭ পয়েন্ট অর্জন করেছে সবুজ-মেরুন। পাঁচটি ম্যাচ জেতার পাশাপাশি দুটি ড্র করেছে সবুজ-মেরুন।

এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ
আগামী ৩ জানুয়ারি বা রবিবার আইএসএলে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। একই দিনে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গলও।












Click it and Unblock the Notifications