ভারতীয় দলে 'কুল-চা' জুটিকে দেখতে না পাওয়ার কারণ জানালেন চাহাল
ভারতীয় দলে বছর দুয়েক ধরে 'কুল-চা' জুটিকে দেখা যাচ্ছে না। একসঙ্গে ভারতের প্রথম একাদশে কেন কুলদীপ যাদবের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে না তার কারণ হিসেবে সতীর্থ ক্রিকেটারের উপস্থিতিকেই চিহ্নিত করলেন যুজবেন্দ্র চাহাল।

কুল-চা
গত বছর সিডনিতে শেষবার ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিকে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহালকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ খেলেছেন। শ্রীলঙ্কা সফরের দলেও তিনি থাকবেন। কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্ট খেলেন। এরপর টি ২০-তে খেলার সুযোগ না পেলেও পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচ খেলেন। তবে অনেক রান দিলেও উইকেট পাননি। তবে কুলদীপ যাদবকেও শ্রীলঙ্কাগামী দলে রাখা হতে পারে। ফলে শ্রীলঙ্কায় ফের দেখা যেতেই পারে কুলদীপ-চাহালের বিখ্যাত 'কুল-চা' জুটিকে।

শেষ দেখা
শেষবার ভারতীয় দলে এই জুটিকে দেখা গিয়েছিল ২০১৯ সালের জুনে, বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে লিগ ম্যাচে। সেই ম্যাচে চাহাল ১০ ওভারে দেন ৮৮ রান। কুলদীপ একটি উইকেট পেলেও খরচ করেন ৭২ রান। পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শেষবার ভারতের হয়ে খেলেন কুলদীপ। সেই ম্যাচে ১০ ওভারে ৮৪ রান দিয়েও উইকেট পাননি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সাতটি ম্যাচ খেলে চার উইকেট নিয়েছেন চাহাল।

জাদেজা পেসার হলে
কুল-চা জুটি নিয়ে চাহাল বলেন, আমি আর কুলদীপ যখন একসঙ্গে খেলতাম তখন হার্দিক পাণ্ডিয়া বোলিং করতেন। ২০১৮ সালে হার্দিকের চোটের কারণে কামব্যাক করেন রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার হিসেবে সাতে দলকে ব্যাট হাতেও ভরসা দিতে থাকেন তিনি। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো জাদেজাও স্পিনার। ফলে দলের প্রয়োজনেই আমাকে ও কুলদীপকে একসঙ্গে খেলানো হচ্ছে না। যদি জাদেজা পেসার হতেন, তাহলে আমরাও একসঙ্গেই দলে থাকতাম।

দলের প্রয়োজনেই
চাহাল আরও বলেন, এমনও হয়েছে কোনও সিরিজে আমি আর কুলদীপ ফিফটি-ফিফটি ম্যাচ খেলেছি। পাঁচ ম্যাচের সিরিজে কখনও কুলদীপ বা কখনও আমি তিনটি করে ম্যাচও খেলেছি। সবটাই দলের প্রথম একাদশ কেমন হবে তার উপর নির্ভর করে। এখন যা পরিস্থিতি তাতে প্রথম একাদশে 'কুল-চা' জুটির প্রয়োজনীয়তা নেই। হার্দিক পুরোপুরি ফিট থাকা অবস্থায় অবধি আমাদের জুটিকে খেলানো হয়। তবে সাতে একজন ভালো অলরাউন্ডারও প্রয়োজন। তবে দল যেখানে জিতছে সেখানে আমরা দুজন একসঙ্গে না খেলতে পারলেও আমি খুশি।












Click it and Unblock the Notifications