ইংল্যান্ড সফরের আগেই দুঃসংবাদ, করোনায় মাতৃবিয়োগ ভারতীয় ক্রিকেটারের
ভারতীয় ক্রিকেটারদের পরিবারেও একের এক এক করোনা আক্রান্ত বা করোনায় মৃত্যুর খবর আসছে। সাম্প্রতিক সংযোজন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার প্রিয়া পুনিয়া। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো প্রিয়ার মায়ের।

প্রিয়ার মাতৃবিয়োগ
করোনার দ্বিতীয় ঢেউ এবার প্রাণ কাড়ল প্রিয়া পুনিয়ার মায়ের। রাজস্থানের ২৪ বছর বয়সি ক্রিকেটার প্রিয়া আজ নিজেই এই দুঃসংবাদ জানিয়েছেন ইনস্টাগ্রামে। আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, আজ উপলব্ধি করছি কেন তুমি আমাকে বারবার শক্ত থাকতে বলতে। একদিন তোমাকে হারানোর আঘাত সহ্য করতে হবে, এটা জেনেই তুমিই সে কথা বলতে। তোমাকে খুব মিস করব মা। দূরত্ব যতই থাকুক, আমি নিশ্চিত তুমি আমার সঙ্গেই থাকবে। বরাবর তোমাকে ভালোবাসব। তবে জীবনের কিছু সত্য মেনে নেওয়া সত্যিই কঠিন। তোমার স্মৃতি আজীবন ভোলার নয়। মা, শান্তিতে থেকো।

সচেতনতার বার্তা
করোনায় মাতৃবিয়োগে ব্যথিত প্রিয়া তাঁর বার্তায় লেখেন, সমস্ত নিয়ম ও সাবধানতা মেনে সকলে চলুন। এই ভাইরাস খুবই বিপজ্জনক। মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। সকলে নিরাপদে, সুরক্ষিত থাকুন। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি কয়েক দিনের ব্যবধানেই মা ও বোনকে হারিয়েছেন, দুজনেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার পীযূষ চাওলা ও আর পি সিংয়ের বাবাও করোনা আক্রান্ত হয়ে মারা যান। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা চেতন সাকারিয়াও করোনায় বাবাকে হারিয়েছেন।

ইংল্যান্ড সফরের আগেই
ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড সফরে রওনা হবে ২ জুন। আগামীকাল থেকে মুম্বইয়ে টিম হোটেলে সকলে একত্রিত হবেন। দুই সপ্তাহের কঠোর কোয়ারান্টিনে জৈব সুরক্ষা বলয়ে থেকে চার্টার্ড বিমানে ভারতীয় মহিলা দল বিরাট কোহলিদের সঙ্গেই ইংল্যান্ড যাবে। ইংল্যান্ড সফরে টেস্ট ও একদিনের দলে রাখা হয়েছে প্রিয়া পুনিয়াকে। তার আগেই মাকে হারিয়ে চরম ধাক্কা খেলেন প্রিয়া।

প্রিয়ার কেরিয়ার
২০১৯ সালে ভারতীয় দলে অভিষেক হয় প্রিয়ার। নিউজিল্যান্ডে সফরে ওয়েলিংটনে টি ২০ অভিষেক হয়। তবে ওই সফরের পর আর টি ২০ দলে সুযোগ পাননি এই ব্যাটসম্যান। ওই বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভদোদরায় একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়। ৭টি ম্যাচে ২২৫ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৭৫। গত মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দুটি একদিনের ম্যাচে তিনি ভারতীয় দলের হয়ে খেলেন। একটি ম্যাচে ৩২ ও অপরটিতে ১৮ রান করেন। গত বছর শারজায় সুপারনোভাসের হয়ে মহিলাদের টি ২০ চ্যালেঞ্জে দুটি ম্যাচও খেলেছেন প্রিয়া।

ইংল্যান্ডে ভারত
নতুন কোচ রমেশ পওয়ারের তত্ত্বাবধানে মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, ঝুলন গোস্বামী, স্মৃতি মান্ধানারা ইংল্যান্ড সফরে যাচ্ছেন ২ জুন। ১৬ জুন থেকে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট রয়েছে। ২৭ জুন সেখানেই প্রথম একদিনের আন্তর্জাতিক। দিন-রাতের দ্বিতীয় ওয়ান ডে ৩০ জুন টনটনে। ৩ জুলাই শেষ ওয়ান ডে ওরসেস্টারে। ৯ জুলাই দিন-রাতের প্রথম টি ২০ নর্দান্টসে, ১১ জুলাই হোভে দ্বিতীয় টি ২০, দিন রাতের তৃতীয় টি ২০ ১৫ জুলাই চেমসফোর্ডে। এরপর ২১ জুলাই শুরু হতে চলা দ্য হান্ড্রেডে খেলতে দেখা যাবে হরমনপ্রীত, মান্ধানা, শেফালিদের। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলে অক্টোবর-নভেম্বরে মহিলাদের বিগ ব্যাশে খেলবেন শেফালি ভার্মা, রাধা যাদব-সহ বেশ কয়েকজন ভারতীয় তারকা। এর আগে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজ মহিলাদের বিগ ব্যাশে খেলেছেন। তবে এবার বিগ ব্যাশে আরও বেশি ভারতীয় অংশ নেবেন।

ভারতীয় দল
ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের দলে রয়েছেন মিতালি রাজ (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর (সহ অধিনায়ক), পুণম রাউত, প্রিয়া পুনিয়া, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইন্দ্রাণী রায় (উইকেটকিপার), ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব। ভারতের টি ২০ দলে রয়েছেন হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা ঘোষ, হরলীন দেওল, স্নেহ রানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ইন্দ্রাণী রায় (উইকেটকিপার), শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব, একতা বিস্ত, রাধা যাদব, সিমরন দিল বাহাদুর।












Click it and Unblock the Notifications