IPL 2025: বিধ্বংসী রাসেল, ইডেনে রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড়ে ভেসে থাকল কলকাতা
ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে ইডেনে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে উঠতে হলে বাকি সব কটি ম্যাচে কলকাতাকে জিততে হবে। সেই সমীকরণ মাথায় রেখেই এদিন ইডেনে খেলতে নেমেছিল অজিঙ্ক রাহানের দল। এবং শেষ অবধি জয়ও ছিনিয়ে নিল তাঁরা। এদিন রাজস্থানকে এক রানে হারাল কলকাতা।
এদিন ইডেনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাহানে। ওপেন করতে নেমে সুনীল নারিন মাত্র ১১ রানে আউট হলেও অজিঙ্ক রাহানেকে নিয়ে রহমানউল্লা গুরবাজ গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। রাহানে ৩০ এবং গুরবাজ ৩৫ রানে আউট হওয়ার পরে মাঝের ওভারে দলকে টেনে তোলেন অঙ্গকৃষ রঘুবংশী এবং আন্দ্রে রাসেল।

রাসেলকে এদিন ইডেনে পুরনো ছন্দে দেখা গিয়েছে। মাত্র ২৫ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। অন্যদিকে তাঁকে যোগ্য সহায়তা করেন রঘুবংশী। তিনি ৩১ বলে ৪৪ রান করেন। রাসেলের অনবদ্য পাওয়ার হিটিংয়ে ইনিংসের শেষ লগ্নে সঙ্গত দেন রিঙ্কু সিংও। তিনি শেষ অবধি ৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
কলকাতা ১৫ ওভার শেষে ১২১ রান তুলেছিল। শেষ পাঁচ ওভারে রাসেল এবং রিংকু মিলে ৮৫ রান তোলেন। যাতে কিছুটা সঙ্গত দেন রঘুবংশীও। সব মিলিয়ে কুড়ি ওভার শেষে চার উইকেট হারিয়ে কলকাতা তোলে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বৈভব সূর্যবংশীকে (৪ রান) ফিরিয়ে দেন বৈভব অরোরা। কিছুক্ষণের মধ্যেই শূন্য রানে আউট হয়ে ফেরেন কুণাল সিং। কিন্তু তৃতীয় উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ করেন যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ। যশস্বী ৩৪ বলে আউট হয়ে গেলেও ইনিংস টানতে থাকেন রিয়ান পরাগ।
মাঝের ওভারেও যখন মনে হচ্ছিল রাজস্থান ম্যাচ ধরে নিয়েছে তখন বরুণ চক্রবর্তী পরপর ফিরিয়ে দেন ধ্রুব জুরেল এবং ওয়ানিন্দু হাসরঙ্গাকে। কিন্তু তারপরেও শিমরন হেতমেয়ারকে সঙ্গে নিয়ে বিধ্বংসী ইনিংস খেলেন রিয়ান। মঈন আলির এক ওভারে পাঁচটি ছয় হাঁকিয়ে নেন ৩২ রান।
তবে এত কিছুর পরেও রিয়ান শতরান করতে পারেননি। ৪৫ বলে ৯৫ রান করে হর্ষিত রানার বলে আউট হয় ফেরেন। শেষদিকে রাজস্থানের হয়ে শুভম দুবে ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলে চেষ্টা করলেও কলকাতা মাত্র এক রানে ম্যাচ জিতে নেয়। এদিন জয়ের ফলে কলকাতা ১১ টি ম্যাচ খেলে পাঁচটি জয় পেয়ে দশ পয়েন্ট ঘরে তুলল। শেষ তিনটি ম্যাচে সবকটিতে জিততে পারলে তাহলেই প্লে অফে যেতে পারবে কলকাতা।












Click it and Unblock the Notifications