IPL 2023: আরসিবির কাছে বিরাট পরাজয়ে একাধিক লজ্জার নজির রাজস্থানের, একনজরে পরিসংখ্যান
আইপিএলে জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫৯ রানে গুটিয়ে গিয়ে ঘোর সমস্যায় পড়েছে রাজস্থান রয়্যালস। প্লে-অফে যাওয়ার সম্ভাবনা এখন শুধু দাঁড়িয়ে অঙ্কের নিয়মে। অনেক জটিল অঙ্ক। আরসিবির ১১২ ব্যবধানে জয় জমিয়ে দিয়েছে প্লে-অফে ওঠার সমীকরণ।
সঞ্জু স্যামসনদের দল যে এভাবে ভেঙে পড়বে তা অনুজ রাওয়াতের মতো আরসিবি দলের অনেকেই আঁচ করতে পারেননি। অন্তত যেভাবে আগের ম্যাচেই রয়্যালস দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআরের বিরুদ্ধে। আর আজ গড়ল একাধিক লজ্জার নজির।

আইপিএলে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার নজির রয়েছে আরসিবির। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ এপ্রিল আরসিবি গুটিয়ে গিয়েছিল ৯.৪ ওভারে ৪৯ রানে। রাজস্থান রয়্যালস কেপ টাউনে ২০০৯ সালের ১৮ এপ্রিল আরসিবির বিরুদ্ধেই ১৫.১ ওভারে অল আউট হয়েছিল ৫৮ রানে। আজ তুলল তার চেয়ে এক রান বেশি।
ইডেনে আরসিবি অল আউট হয়েছিল ৯.৪ ওভারে। সবচয়ে কম ওভারে ইনিংস শেষের এটি সর্বকালীন রেকর্ড। রাজস্থানের আজকের ইনিংস রইল তার পরেই। ১০.৩ ওভারে শেষ হয়ে যায় সঞ্জু স্যামসনের দল। আইপিএলে এদিন সবচেয়ে বড় ব্যবধানে হারের সম্মুখীন হলো রয়্যালস। ২০২১ সালে কেকেআরের কাছে তারা ৮৬ রানে হেরেছিল।

২০০৯ সালে গ্রেম স্মিথ ও স্বপ্নিল আসনোদকর আউট হয়েছিলেন শূন্য রানে। তারপর এই প্রথম রাজস্থানের দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল একই ম্যাচে শূন্য রানে আউট হলেন। হর্ষ ভোগলে বলেন, আরসিবির জয় রয়্যালসের পাশাপাশি চিন্তা বাড়াল মুম্বই ও পাঞ্জাবের। পয়েন্ট তালিকায় টর্নেডো বয়ে গেল, যা সকলকেই প্রভাবিত করছে।

আইপিএলে সবচেয়ে বেশি চারবার ১০০ বা তার বেশি রানে জেতার নজির গড়ল আরসিবি। তিনটি জয় ছিল বেঙ্গালুরুতে, এই প্রথম অ্যাওয়ে ম্যাচে এত বড় জয়। মুম্বই ইন্ডিয়ান্স ২ বার একশো বা তার বেশি রানের ব্যবধানে জিতেছে। আরসিবি চলতি আইপিএলে পাওয়ারপ্লে-তে ৩০ উইকেট নিল যা রেকর্ড। ২০১৩ ও ২০১৮ সালে ২৫ উইকেট দখলের নজির ভেঙে গেল।

প্রথমে ব্যাট করে এই নিয়ে এবার চারটি বিকেলের ম্যাচ জিতল আরসিবি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮৯ ও ১৭১ এবং দিল্লি ও পাঞ্জাবের বিরুদ্ধে ১৭৪ রানের পুঁজি নিয়ে জয় নিশ্চিত করল তারা। এদিনের জয়ের ফলে সাত থেকে পাঁচে উঠে এসেছে আরসিবি। নেট রান ছিল মাইনাস (-) ০.৩০০। সেটা বেড়ে হলো ০.১৬৬।

১১২টি ইনিংস খেলে ফাফ দু প্লেসি আইপিএলে চার হাজার রান পূর্ণ করলেন। লোকেশ রাহুলের এই কীর্তি গড়তে লেগেছিল সবচেয়ে কম ১০৫ ইনিংস। ক্রিস গেইল ১১২ ও ডেভিড ওয়ার্নার ১১৪ ইনিংস খেলে এই মাইলস্টোন স্পর্শ করেন।
ডেভিড ওয়ার্নার (৬২৫৫), এবি ডি ভিলিয়ার্স (৫১৬২) ও ক্রিস গেইলের (৪৯৬৫) পর চতুর্থ ব্যাটার হিসেবে আইপিএলের চার হাজার ক্লাবে এলেন দু প্লেসি। চলতি আইপিএলে চতুর্থ হাফ সেঞ্চুরি করে তিনি ৬০০ রানের গণ্ডিও টপকে গেলেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications