IPL 2023: নীতীশ-রিঙ্কু জেতালেন কেকেআরকে, চিপকে চেন্নাই-বধ ১১ বছর পর! কী বললেন ধোনি?
আইপিএলে ১১ বছর পর চিপকে চেন্নাই সুপার কিংসকে হারাল কলকাতা নাইট রাইডার্স। যার ফলে প্লে-অফে পৌঁছলেও শেষ দুইয়ে সিএসকে থাকবে কিনা তা নিয়ে থেকে গেল অনিশ্চিয়তা। ১৫ পয়েন্টে দাঁড়িয়ে থাকায় ধোনিদের শেষ চার নিশ্চিত, খাতায়-কলমে সেটাও বলা যাচ্ছে না।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে খেলতে নেমে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিল কেকেআর। নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের জুটিতেই রান তাড়া সহজ হয়ে গেল। দুজনেই হাফ সেঞ্চুরি হাঁকান।

চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫৪ রান করে রান আউট হন ম্যাচের সেরা রিঙ্কু। নীতীশ রানা ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকলেন। রিঙ্কু হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩৯ বলে, নীতীশের লাগে ৩৮ বল। কেকেআর জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ১৮.৩ ওভারে। চার উইকেট খুইয়েই জয় নিশ্চিত হলো নাইটদের।

প্রথম ওভারের শেষ বলে রহমানুল্লাহ গুরবাজ (৪ বলে ১)-কে আউট করেছিলেন দীপক চাহার। প্রথম উইকেট পড়েছিল ৪ রানে। ২.৫ ওভারে চাহারের দ্বিতীয় শিকার ভেঙ্কটেশ আইয়ার। ইমপ্যাক্ট সাব আইয়ার ৪ বলে ৯ রান করে আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২১। জেসন রয় ১৫ বলে ১২ রান করে চাহারের বলেই আউট হন।

৪.৩ ওভারে ৩৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর হাল ধরেন নীতীশ ও রিঙ্কু। তাঁরা গড়েন ৭৬ বলে ৯৯ রানের পার্টনারশিপ। ১৮তম ওভারের প্রথম বলে রিঙ্কু যখন রান আউট হন নাইটদের তখন জিততে দরকার ১৩ রান। তুষার দেশপাণ্ডে ১৯তম ওভার করছিলেন, তৃতীয় বলে চার মেরে দলকে জেতান নীতীশ। ২ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

দীপক চাহার ৩ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। এর আগে, চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে ১৪৪ রানে পৌঁছেছিল শিবম দুবের ৩৪ বলে অপরাজিত ৩৮, ডেভন কনওয়ের ২৮ বলে ৩০ ও রবীন্দ্র জাদেজার ২৪ বলে ২০ রানে ভর করে। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ২টি করে এবং বৈভব অরোরা ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।

সিএসকে ১৩ ম্যাচে ১৫ পয়েন্টে দাঁড়িয়ে, রইল দ্বিতীয় স্থানেই। কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে উঠে এলো। নাইটদের নেট রান রেট মাইনাস (-) ০.২৫৬। চেন্নাই সুপার কিংসের নেট রান রেট ০.৩৮১। যা পরিস্থিতি তাতে চেন্নাইকে প্লে-অফের ছাড়পত্র পেতে গেলে শেষ ম্যাচে জিততেই হবে। নয়তো তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকে।

মহেন্দ্র সিং ধোনি বলেন, প্রথম বল হতেই বুঝে যাই আমাদের ১৮০ রান দরকার ছিল। ডিউ ফ্যাক্টর ফারাক গড়েছে। বোলারদের দোষ দেব না। কন্ডিশন ম্যাচের ফলাফলে প্রভাব ফেলল। যেভাবে শিবম ব্যাট করেছেন তাতে খুব ভালো লাগছে। তবে শিবম নিজে সন্তুষ্ট নন, আরও উন্নতি করতে চান। দীপক চাহারের বোলিংয়েরও প্রশংসা করেন মাহি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications