IPL 2023: ধোনি উপভোগ করছেন ফিনিশারের ভূমিকা, মাহিকে দেখে কেন দুঃখ পেলেন পাঠান?
দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের দিকে পা বাড়িয়েছে চেন্নাই সুপার কিংস। গতকাল চিপকে ডেভিড ওয়ার্নারের দলকে ২৭ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। যে জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে রবীন্দ্র জাদেজার সঙ্গে ধোনির ১৮ বলে ৩৮ রানের পার্টনারশিপ।
১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৯ বলে ২০ রানের ইনিংস খেলেন ধোনি। এবারের আইপিএলের পর ধোনি অবসর নিলে তাঁর খেলা দেখা যাবে আর চার থেকে পাঁচবার। যদি এলিমিনেটর খেলে ফাইনালে উঠতে হয় তাহলে পাঁচটি ম্যাচে ক্রিকেটপ্রেমীরা দেখতে পারবেন মাহি ম্যাজিক।

মহেন্দ্র সিং ধোনি দিল্লিকে হারানোর পর বলেন, ম্যাচের দ্বিতীয়ার্ধে বল অনেকটাই ঘুরেছে। স্পিনাররা সিমের ব্যবহার ভালো করেছেন। উইকেট নেওয়া নয়, বোলাররা যাতে তাঁদের সেরা ডেলিভারিগুলি উপহার দেন সেটাই চেয়েছিলাম। আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। এই ধরনের পিচে কিছু শট এড়িয়ে চলতে হবে।

ধোনি স্বীকার করেছেন, ব্যাটিংয়ের সময় কিছু ক্ষেত্রে পরিকল্পনার প্রয়োগ যথাযথ হয়নি। মঈন আলি ও রবীন্দ্র জাদেজাও ব্যাট করেছেন। লিগ পর্ব শেষের দিকে যাচ্ছে। প্রত্যেকেই বেশ কিছু বল খেলে নিয়েছেন এবারের আইপিএলে, যা ভালো দিক। আমার কাজ হলো কয়েকটি বলে বড় শট খেলা।
ধোনি জানিয়েছেন, এখন বেশি দৌড়নো তাঁর পক্ষে সম্ভব নয়। নিজের খেলায় সন্তুষ্ট। সেইমতো নেটেও ব্যাটিং অনুশীলন করছেন। ফলে বোঝাই যাচ্ছে ধোনি আর ব্যাটিং অর্ডারে উপরের দিকে আসবেন না। চলতি আইপিএলে ধোনি ৪৭টি বল খেলে ৯৬ রান করেছেন, গড় ৪৮, স্ট্রাইক রেট ২০৪.২৫। তিনটি চার ও ১০টি ছয় মেরেছেন।

ধোনি এখনও অবধি সব ম্যাচেই খেলেছেন। হাঁটুতে চোট রয়েছে। সব ম্যাচ যাতে খেলতে পারেন সেইমতো নিজের ইনজুরি ম্যানেজমেন্টও নিজেই করছেন। গতকালও দেখা গিয়েছে দৌড়ে রান নেওয়ার সময় খোঁড়াতে। যা দেখে ইরফান পাঠান টুইটে লেখেন, ধোনিকে চিতার মতো দৌড়তে দেখেছি। ফলে এখন রান নেওয়ার সময় খোঁড়াতে দেখলে মন ভেঙে যায়।

ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। ধোনিকে নিয়ে দর্শকদের ক্রেজের বিষয়টি উঠে এসেছে তাঁর কথায়। প্রতিটি স্টেডিয়ামেই দেখা যাচ্ছে দর্শকরা ধোনির নামার জন্য অপেক্ষা করে থাকছেন। জাড্ডু বলেন, আমাকে সাতে ব্যাট করতে নামতে দেখে দর্শকরা হতাশ হয়ে পড়েন। মাহি ভাইয়ের নামে জয়ধ্বনি ওঠে। আমি আরও উপরে নামলে তাঁরা আমার আউটের প্রার্থনা করতেন।

জিও সিনেমায় গ্রেম স্মিথ বলেন, ধোনি নিজের সেরা ছন্দ পেয়ে গিয়েছেন। তিনি ব্যাট করতে নামার সময় প্রত্যাশার বিপুল চাপ থাকে। স্ট্রাইক নেওয়ার সময় দর্শকরা জয়ধ্বনি দিতে থাকেন। খলিল আহমেদ ভালো বোলিং করছিলেন। কিন্তু ধোনি তাঁর পরিকল্পনার আঁচ করে নিয়ে সেইমতো খেলে খলিলকে চাপে ফেলে দেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications