IPL 2023: আইপিএলে গুজরাতের সামনে সানরাইজার্স, জিতলেই প্লে-অফের প্রথম দুইয়ে হার্দিকরা
আইপিএলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত টাইটান্স। এই ম্যাচ জিতলেই ১৮ পয়েন্টে পৌঁছে প্লে-অফে প্রথম দুটি স্থানের একটি নিশ্চিত করে ফেলবে হার্দিক পাণ্ডিয়ার দল।
গুজরাত টাইটান্স ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। নেট রান রেট ০.৭৬১। ফলে ১৬ পয়েন্টে একাধিক দল থাকলেও শেষ চারে যেতে বেগ পেতে হবে না হার্দিকদের। জিতলে টানা ২ মরশুম প্লে-অফের প্রথম দুই নিশ্চিত করবে গতবারের চ্যাম্পিয়নরা।

চলতি আইপিএলে এবার এই প্রথম অরেঞ্জ আর্মির মুখোমুখি হচ্ছে গুজরাত। গত বছর প্রথম সাক্ষাতে ৫ বল বাকি থাকতে সানরাইজার্স ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। যদিও ফিরতি সাক্ষাতে টাইটান্স শেষ বলে ৫ উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল। সানরাইজার্সের ১১ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৪৭১। বাকি ম্যাচগুলি নিয়মরক্ষার।
কেন না, বাকি তিনটি ম্যাচে জিতলেও ১৪ পয়েন্টেই থামতে হবে অরেঞ্জ আর্মিকে। যা প্লে-অফে যাওয়ার জন্য পর্যাপ্ত হবে না। দুই দলই নিজেদের শেষ ম্যাচ হেরে কাল খেলতে নামছে। ফলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবে দুই দল। গুজরাত যদি কাল হেরেও যায় তাহলেও শেষ ম্যাচে আরসিবিকে হারিয়ে ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে।
গুজরাত টাইটান্স কালকের ম্যাচেও পাচ্ছে না জশ লিটলকে। তিনি আয়ারল্যান্ড দলের হয়ে খেলতে দেশে ফিরেছেন। সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য সকলকেই পাচ্ছে। গুজরাত টাইটান্স দল অপরিবর্তিত থাকলেও সানরাইজার্স হায়দরাবাদ রিজার্ভ বেঞ্চের কাউকে দেখে নিতে পারে। দুই দলেরই ব্যাটিং বিভাগে উন্নতির প্রয়োজন রয়েছে।

গুজরাত টাইটান্স ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে শুভমান গিলের সঙ্গে মোহিত শর্মার রদবদলের পথে হাঁটতে পারে। সানরাইজার্স হায়দরাবাদ আনমোলপ্রীত সিংয়ের বদলে বোলিংয়ের সময় নামাতে পারে টি নটরাজনকে। বিভ্রান্ত শর্মা দলে জায়গা ধরে রাখতে পারেন কিনা সেটাও দেখার। নতুন কোনও মুখকেও নামাতে পারে অরেঞ্জ আর্মি।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, নূর আহমেদ, মহম্মদ শামি। বোলিংয়ের সময় নামবেন মোহিত শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- আনমোলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, বিভ্রান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, ময়াঙ্ক মার্কণ্ডে। বোলিংয়ের সময় নামতে পারেন টি নটরাজন।
এখনও অবধি আমেদাবাদে ৬টি ম্যাচের পাঁচটিতে প্রথম ইনিংসে ১৭৫ বা তার বেশি রান উঠেছে। ঘরের মাঠে দুটিতে হেরেছে গুজরাত। কেকেআরকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। দিল্লির জয়ে ভূমিকা নেন ইশান্ত শর্মা। কালও হাই স্কোরিং ম্যাচ হতে পারে। গরম ও আর্দ্রতার চ্যালেঞ্জ সামলাতে হবে দুই দলকেই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications