আইপিএল ২০২০ : শারজায় রাজস্থানের বিরুদ্ধে ২০০-র গণ্ডি পেরোতে পারল না দিল্লি, স্কোর ১৮৪/৮
আইপিএল ২০২০ : শারজায় রাজস্থানের বিরুদ্ধে ২০০-র গণ্ডি পেরোতে পারল না দিল্লি, স্কোর ১৮৪/৮
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলল দিল্লি ক্যাপিটালস। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ে আসর মাত করলেন রয়্যালসের জোফ্রা আর্চার, রাহুল তেওয়াটিয়া ও যশশ্বী জয়সওয়াল।

আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালসের। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বড় রান তাড়া করা সম্ভব বলে মনে করেন অধিনায়ক স্টিভ স্মিথ। রাতের দিকে শিশির সমস্যায় ব্যাটসম্যানরা সুবিধা পেতে পারেন বলে মনে করেন রাজস্থানের নেতা।
এই ম্যাচের আগে পাঁচটি মোকাবিলা থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিল রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থিতি স্টিভ স্মিথদের। প্লে-অফের আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে রাজস্থান রয়্যালসকে। কার্যত ডু অর ডাই ম্যাচে স্মিথ শিবিরে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। অঙ্কিত রাজপুতের পরিবর্তে আজ খেলছেন ফাস্ট বোলার বরুণ অ্যারন। দলে নেওয়া হয়েছে অ্যান্ড্রু টাইকে।
অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ছোট আয়তনের শারজার ব্যাটিং সহায়ক উইকেটে দুর্দান্ত বোলিং করেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। পাল্লা দিয়ে চলে অসাধারণ ফিল্ডিং। যার জেরে চলতি টুর্নামেন্টে এই প্রথম শারজায় আগে ব্যাট করে ২০০-র গণ্ডি পেরোতে পারল না কোনও দল। নির্ধারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রানে শেষ হল দিল্লি ক্যাপিটালসের ইনিংস।
জোফ্রা আর্চারের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ানকে সাজঘরে ফেরান রাজস্থান রয়্যালসের যশশ্বী জয়সওয়াল। ১৯ রান করে আউট হন পৃথ্বী শ। দুর্দান্ত থ্রোর মাধ্যমে দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (২২) রান আউট করেন সেই যশশ্বী। ৫ রান করে রান আউট হন ঋষভ পন্থও। দিল্লির জার্সিতে এদিন ৩০ বলে ৩৯ রান করেন মার্কাস স্টোইনিস। ২৪ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন শিমরোন হেটমায়ার।
রাজস্থান রয়্যালসের হয়ে ৩ উইকেট নেন ফাস্ট বোলার জোফ্রা আর্চার। একটি করে উইকেট নেন অ্যান্ড্রু টাই, কার্তিক ত্যাগী ও রাহুল তেওয়াটিয়া। অন-ফিল্ড দুটি ক্যাচও নেন রাহুল।












Click it and Unblock the Notifications