অশ্বিন-অক্ষর জুটিতে ইংল্যান্ড শেষ ৮১ রানে, ভারতের সিরিজে এগিয়ে যেতে দরকার ৪৯
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে চারশো উইকেট ক্লাবে পৌঁছে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। জোফ্রা আর্চারকে আউট করে চারশোতম টেস্ট উইকেট দখল করলেন তিনি। গোলাপি বলে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনেও স্পিনারদের দাপট অব্যাহত। ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৪৫ রানে। ৬.২ ওভার হাত ঘুরিয়ে ৮ রানে ৫ উইকেট নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তাঁর কেরিয়ারে এটা সেরা বোলিং ফিগার। জ্যাক লিচ নেন চার উইকেট। যদিও এরপরই বল হাতে ইংল্যান্ডকে শেষ করে দেন অশ্বিন-অক্ষর জুটি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৮১ রানে। টেস্টে ভারতের বিরুদ্ধে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। সিরিজে এগিয়ে যেতে ভারতের দরকার ৪৯ রান।

ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় ইংল্যান্ড। অক্ষর প্যাটেল প্রথম বলেই বোল্ড করেন জ্যাক ক্রলিকে। দ্বিতীয় বলে বেয়ারস্টোকে লেগ বিফোর দেন আম্পায়ার। রিভিউ করে প্রাণ পেলেও পরের বলেই বোল্ড হন তিনি। প্রথম তিন বলে দুই উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ে ১৯ রানে। ৭ রান করে অক্ষরের তৃতীয় শিকার ডম সিবলি। আম্পায়ার ক্যাচ আউট দিলেও রিভিউ নেন। তবে লাভ হয়নি, দেখা যায় বল তাঁর ব্যাট ছুঁয়েই উইকেটকিপার ঋষভ পন্থের হাতে জমা পড়েছে।
এরপর বেন স্টোকস ও জো রুটের জুটিতে ভর করে ভারতের লিড টপকে যায় ইংল্যান্ড। তবে দলের ৫০ রানের মাথায় বেন স্টোকস রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে ৩৯৮তম শিকার হন। স্টোকস করেন ২৫। এরপরেই রান করে এই টেস্টে অক্ষর প্যাটেলের দশম শিকার হন রুট। অলি পোপকে বোল্ড করে ৩৯৯তম টেস্ট উইকেট দখল করেন অশ্বিন। পোপ করেন ১২। ৬৬ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। শূন্য রানে অশ্বিনের চারশোতম টেস্ট শিকার হন জোফ্রা আর্চার। ৮০ রানের মাথায় ৮ রান করা বেন ফোকসকে লেগ বিফোর করে নয়া নজির গড়েন অক্ষর। দিন-রাতের টেস্টে তাঁর আগে কেউ ১১ উইকেট পাননি। টানা তিন ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। ৮০ রানের মাথাতেই নবম উইকেট পড়ে ইংল্যান্ডের। লিচকে ফেরান অশ্বিন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন অক্ষর। শেষ উইকেটটি নেন ওয়াশিংটন সুন্দর।
ভারত এদিন ৩ উইকেটে ৯৯ রান নিয়ে খেলা শুরু করে। ২ রানের লিড পাওয়া অবস্থায় ৭ রানে অজিঙ্ক রাহানেকে লেগ বিফোর করেন জ্যাক লিচ। স্কোরবোর্ডে আর তিন রান যোগ হওয়ার মধ্যে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ। ৬৬ রানে লিচের বলেই লেগ বিফোর হন রোহিত। এক রানে পন্থকে ফেরান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এরপর ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলের উইকেটটিও তুলে নেন তিনি। এই সময় তাঁর বোলিং ফিগার ছিল তিন ওভার তিন মেডেন তিন উইকেট।
১১৪ রানে চতুর্থ উইকেট পড়ার পর ভারতের অষ্টম উইকেট পড়ে ১২৫ রানে। ভারত নবম উইকেট হারায় ১৩৪ রানের মাথায়। আক্রমণাত্মক ব্যাটিং করে রান বাড়াতে গিয়ে রুটের চতুর্থ শিকার হন রবিচন্দ্রন অশ্বিন। বুমরাহ রুটের পঞ্চম শিকার, করেন ১। শততম টেস্টে এখনও অবধি একমাত্র ছক্কা মেরে ১০ রানে অপরাজিত থাকেন ইশান্ত শর্মা। ৫৩.২ ওভারে ভারত করে ১৪৫। ভারতের শেষ ৭ উইকেট পড়ে ৩৪ রানে।












Click it and Unblock the Notifications