অস্ট্রেলিয়া সফরের পুনরাবৃত্তির পথে ভারত, ইংল্যান্ডকে চূর্ণ করে টেস্ট বিশ্বকাপের ফাইনালের দিকে বিরাটরা
দেশের মাটিতে গোলাপি বলের টেস্টে টানা দ্বিতীয় জয় পেল ভারত। ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট তবু তৃতীয় দিনে গড়িয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্ট শেষ হতে পুরো দুই দিনও লাগল না। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে জো রুটদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিলেন বিরাটরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত, নিউজিল্যান্ডের চেয়ে বেশি পয়েন্ট (৪৯০) ও সাফল্যের শতকরা হার (৭১ শতাংশ) নিয়ে। সিরিজের চতুর্থ টেস্ট ড্র হলেও ভারত পৌঁছে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

দুই দিনেই 'খেলা' শেষ
ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস এদিন শেষ হয় ৫৩.২ ওভারে ১৪৫ রানে। রোহিত শর্মা করেন সর্বাধিক ৬৬। ভারতের শেষ সাত উইকেট পড়ে ৩১ রানের মধ্যে। ইংল্যান্ড অধিনায়ক জো রুট রুট পাঁচটি ও জ্যাক লিচ চার উইকেট নেন। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অল আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল ৫ উইকেট নেন। তিন ইনিংসে টানা তিনি পাঁচ উইকেট পেলেন। গোলাপি বলের কোনও টেস্টে তাঁর আগে ১১টি উইকেট কেউ পাননি। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪৯। সেই লক্ষ্যে ভারত পৌঁছে যায় ৭.৪ ওভারে। রোহিত শর্মা ২৫ ও শুভমান গিল ১৫ রানে অপরাজিত থাকেন।

স্পিনারদের দাপট
ইডেনে গোলাপি বলের টেস্টে দাপট ছিল পেসারদের। ভারতীয় দলের পেসাররাই বিপক্ষের ২০ উইকেট তুলে নিয়েছিল। গোলাপি বলের টেস্টে স্পিনারদের চেয়ে অনেক বেশি উইকেট রয়েছে জোরে বোলারদের। কিন্তু এই টেস্টে দেখা গেল অন্য ছবি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মোট ১৯টি উইকেট গেল ভারতীয় স্পিনারদের ঝুলিতে। প্রথম ইনিংসে নয় উইকেট নেন ইংল্যান্ড স্পিনাররা। জো রুট ৬.২ ওভারে কেরিয়ারের সেরা ৫ উইকেট নেন মাত্র ৮ রানের বিনিময়ে। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট নেওয়া। আজ দুই সেশনেই পড়ল ১৭ উইকেট।

অশ্বিনের কীর্তি
দিনই ৭৭তম টেস্টে চারশো উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দ্রুততম হিসেবে তিনি এই কীর্তি গড়লেন। প্রথম ২০০ উইকেট নিয়েছিলেন ৩৭ টেস্টে। পরের একশোয় পৌঁছাতে নেন ১৭টি টেস্ট। তাঁকে অভিনন্দন জানিয়েছেন হরভজন সিং। গ্রেম সোয়ান বলে দিলেন, অফ স্পিন বল করা খুব কঠিন। ফলে অশ্বিন আমার মতে নিঃসন্দেহে এই মুহূর্তে সেরা অফ স্পিনার। সুনীল গাভাসকর অশ্বিনকে ম্যাচ উইনার হিসেবে চিহ্নিত করে বললেন, মনে রাখতে হবে অশ্বিন কিন্তু ৫টি টেস্ট শতরানের মালিক। অনেকবার সিরিজ-সেরাও হয়েছেন। আমি মনে করি, অশ্বিন টেস্টে ৬০০ উইকেটের অধিকারী হবেন। তিনি শুধু ভারতেই সফল নন, অস্ট্রেলিয়াতেও দেখিয়ে দিয়েছেন ভালো বৈচিত্র্যময় বোলিং করতে তাঁর কাছে পিচ কোনও ফ্যাক্টর নয়।

পিচ দায়ী নয়
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ফের বলেছেন, এটা টেস্টের উপযুক্ত পিচ নয়। এমন উইকেটে দলগুলিকে তিনটি করে ইনিংস দেওয়ার কথা বলে কটাক্ষ করেন তিনি। যদিও প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর পাল্টা বলেন, উইকেট দায়ী নয়। ব্যাটিং টেকনিকের গলদেই ইংল্যান্ডের এই বিপর্যয়। প্রথম ইনিংসে ভারতের শেষ উইকেটগুলি দ্রুত হারানোর কারণ হিসেবে ভিভিএস লক্ষ্মণও বলেছিলেন, ব্যাটিং টেকনিকের সমস্যাই এর মূল কারণ।












Click it and Unblock the Notifications