সিডনি টেস্টের জন্য মেলবোর্নে অনুশীলন করবে ভারত ও অস্ট্রেলিয়া! কারণটা জেনে নিন
সিডনি টেস্টের জন্য মেলবোর্নে অনুশীলন করবে ভারত ও অস্ট্রেলিয়া! কারণটা জেনে নিন
অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্ট অতীত করে এবার সামনে দিকে তাকাতে চাইছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলই ইতিমধ্যে বর্ডার-গাভাসকর ট্রফিতে একটি করে ম্যাচ জিতেছে। এই পরিস্থিতিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় টেস্টের জেতা-হারা সিরিজে যে বড়সড় প্রভাব ফেলতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে এই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধরে নেওয়া যায়। তবে প্রতিপক্ষ দলের থেকেও তৃতীয় টেস্টে দুই দলের মসৃণ পথচলার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। যার হালকা ঝাপটাতেই সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার অনুশীলন বাতিল করে দেওয়া হয়েছে।

সিডনিতে অনুশীলন নয়
করোনা ভাইরাস প্রতিবন্ধক হয়ে দাঁড়ালেও সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট সারানো হবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বক্তব্য, স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে এই ম্যাচ আয়োজন করা হবে। দুই দলের ক্রিকেটারদের নিশ্চিদ্র নিরাপত্তায় জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চিফ এগজিকিউটিভ অফিসার নিক হকলে। সঙ্গে এও জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই করোনা জর্জরিত সিডনিতে কোনও অনুশীলন রাখা হয়নি।

কোথায় হবে অনুশীলন
দ্বিতীয় টেস্ট খেলে উঠে মেলবোর্নেই রয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সিডনিতে ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধি শেষ করে মেলবোর্নে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন রোহিত শর্মাও। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে অন্তর্ভূক্ত করা হয়েছে চোট সারিয়ে ওঠা ডেভিড ওয়ার্নারকে। তিনি মেলবোর্নেই রয়েছেন বলে খবর। করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে দুই দল এই শহরেই সিডনি টেস্টের প্রস্তুতি সারবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর অর্থ সিডনির জল-হাওয়া গায়ে না মেখেই মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। তাতে সমস্যা বাড়তে পারে অজিঙ্ক রাহানে শিবিরের।

সিডনিতে টেস্ট কবে
২০২১ সালের ৭ জানুয়ারি সিডনি শুরু হওয়ার কথা বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় মাঠে প্রতিদিনের দর্শক সংখ্যা কমাতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ায় করোনার প্রভাব
অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। কিন্তু গত দুই সপ্তাহের মধ্যে সিডনিতে প্রায় ৫০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। যদিও তাতে কোভিড ১৯-এর নতুন লক্ষণ চোখে পড়েনি বলেই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications