'ব্রিসবেনে রাহানেরা জিতলে,টেস্টের ইতিহাসে এটাই ভারতের সেরা সিরিজ জয় হতে চলেছে'
'ব্রিসবেনে রাহানেরা জিতলে,টেস্টের ইতিহাসে এটাই ভারতের সেরা সিরিজ জয় হতে চলেছে'
ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছে ভারত। প্রথম টেস্টে ০-১ পিছিয় পড়া থেকে মেলবোর্নে প্রত্যাবর্তন। সেখান থেকেই সিডনিতে লড়ে সিরিজের ফল এখনও ১-১ রেখেছেন রাহানেরা। এবার ব্রিসবেনে ভারত জিতলে,টেস্টের ইতিহাসে এটাই সবচেয়ে সেরা সিরিজ জয় হতে চলেছে মনে করছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।

অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে মহাবিপর্যয়
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে মহাবিপর্যয়ের মুখে পরে ভারত। পেইনের দলের বিরুদ্ধে অ্যাডিলেডে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল। এটাই টেস্টে ভারতের সর্বনিম্ন দলগত স্কোর।

মেলবোর্নে ঐতিহাসিক কামব্যাক
অ্যাডিলেডের লজ্জার ৩৬ এর ধাক্কা কাটিয়ে মেলবোর্ন রাহানের শতরান, জাদেজার হাফ সেঞ্চুরি ও বোলিং দাপটে ভর করে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে প্রত্যাবর্তন করে ভারত।

সিডনিতে লড়াই করে ড্র
সিডনিতে শেষ দিন ৮ উইকেটের পুঁজি নিয়ে তিনশোর বেশি রান তাড়া করতে নেমে ম্যাচ ড্র করে ভারত। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই প্রায় চার ঘন্টা লড়ে যান হনুমা বিহারী। পিঠের অসহ্য যন্ত্রণা নিয়েও ক্রিজ কামড়ে পরে থেকে লড়লেন অশ্বিন। তার আগে ঋষভের ৯৭ ও পূজারার ৭৭ রান এই ড্রয়ের ভিত গড়ে দেয়।

সিরিজ নির্ণায়ক ব্রিসবেন টেস্ট
সামনে এবার সিরিজ নির্ণায়ক ব্রিসবেন টেস্ট। তিন ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। এই পরিস্থিতিতে শেষ টেস্টে যে দল জিতবে, তারাই সিরিজ জিততে চলেছে।

চোট আঘাতে বিপর্যস্ত ভারতের
শামি-উমেশ, জাদেজা-রাহুল, হনুমা-বুমরাহ। টেস্ট সিরিজে ছয় ক্রিকেটারকে হারিয়ে ব্রিসবেনে সিরিজ নির্ণায়ক লড়াইয়ে নামার আগে দল সাজানো নিয়েই মানসিক চাপে ভারত।

ব্রিসবেন ফাইনাল দেখছেন শোয়েব আখতার
সামনে এবার ব্রিসবেন টেস্ট। ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। আর সেই ম্যাচের আগেই ইউটিউডে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে প্রতিক্রিয়া পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এই নিয়ে বলেন, 'এবার সিরিজের শেষ পর্যায়। ভারতের সামনে সিরিজ জয়ের সুযোগ রয়েছে।'

ভারতকে বিশ্বাস করতে হবে, তারা পারবে
চোট আঘাতে জেরবার হলেও শোয়েব আখতার মনে করছেন, 'ভারতকে বিশ্বাস করতে হবে যে, তারা পারবে। আর ব্রিসবেন টেস্ট জিতে নিয়ে সিরিজ জিতলে, এটাই টেস্টের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় সিরিজ জয় হবে।'












Click it and Unblock the Notifications